চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা-পুলিশের হেফাজতে ব্যবসায়ী শামীম রেজার মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহত শামীমের স্ত্রী সাবিকুন নাহার নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের (ঘ-অঞ্চল) বিচারক আফরোজা বেগমের আদালতে এ আবেদন করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে শামীম রেজার মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় করা অপমৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। ওই প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আদালত পরবর্তী আদেশ দেবেন বলে জানিয়েছেন সাবিকুন নাহারের আইনজীবী এম এ হাশেম হাসান।

এম এ হাশেম হাসান সাংবাদিকদের জানান, মামলায় বিবাদী করা হয়েছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার, উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল খ) উত্তম প্রসাদ প্রকাশ। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ২৮ মে এ চারজনকে বিবাদী ও তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন শামীমের বাবা। বিবাদীদের মধ্যে ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সোনারগাঁ থানার ওসি ছাড়া তিনজনকে প্রত্যাহার করা হয়। ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা কার্যকর হয়নি।

আরজিতে সাবিকুন নাহার বলেন, চার পুলিশ কর্মকর্তার অমানবিক নির্যাতনে শামীম রেজা মারা যান। শাহবাগ থানার পুলিশ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে, শামীম রেজার শরীরে অসংখ্য আঘাতের দাগ রয়েছে।

যোগাযোগ করা হলে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ‘চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিহত শামীম রেজার স্ত্রী আদালতে পিটিশন জমা দিয়েছেন বলে শুনেছি। কিন্তু আদালত থেকে কোনো নির্দেশনা ও কোনো কাগজপত্র আমরা এখনো পাইনি।’

২০ এপ্রিল সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের স্ত্রী শামীমা ইসলাম, শ্যালক রানা ইসলাম ও বাড়ির দুই গৃহকর্মী রেখা আক্তার ও মণি আক্তারের জবাই করা লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় শামীম রেজাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছিল পুলিশ।