নাটোরের লালপুর উপজেলায় গণডাকাতির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে লালপুর থানার এক উপপরিদর্শক (এসআই) ও তিন সেপাইকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে গণডাকাতির শিকার রাজশাহীর বাঘা উপজেলার মাইক্রোবাসচালক মিঠু বাদী হয়ে লালপুর থানায় ডাকাতির মামলা করেছেন। ডাকাতিতে জড়িত সন্দেহে গতকাল শনিবার ভোরে বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করে পুলিশ। পরে তাদের ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়।লালপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নাটোরের পুলিশ সুপার কাইমুজ্জামান খান লালপুর থানা পরিদর্শনে আসেন। তিনি ডাকাতির শিকার বাঘার মাইক্রোবাসচালক মিঠুসহ কয়েকজন চালককে লালপুর থানায় ডেকে আনেন। পুলিশ সুপার তাঁদের কাছ থেকে বুধবার দিবাগত রাতের ডাকাতির ঘটনার বর্ণনা শোনেন এবং তাঁদের মামলা করার পরামর্শ দেন। পুলিশ সুপারের সহযোগিতার আশ্বাস পেয়ে চালক মিঠু অজ্ঞাত পরিচয়ের ডাকাতদের আসামি করে থানায় মামলা করেন। একই সঙ্গে পুলিশ সুপার গণডাকাতির সময় কর্তব্যে অবহেলার অভিযোগে থানার এসআই জামাত আলী এবং সেপাই রেজাউল ইসলাম, আবদুল হালিম ও জামাল উদ্দিনকে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন। চার পুলিশ সদস্য গতকাল নাটোর পুলিশ লাইনে যোগ দিয়েছেন। বুধবার দিবাগত রাত একটা থেকে আড়াইটা পর্যন্ত একদল ডাকাত লালপুরের তিন খুঁটি মোড়ে লালপুর-বাঘা সড়কে ১৬টি গাড়ি আটকে লুটপাট চালায়। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের অসুস্থ স্কুলছাত্র আল-আমিনকে বহনকারী মাইক্রোবাসটিও ডাকাতদের কবলে পড়ে। আল-আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু অনেক আকুতির পরও ডাকাতেরা তাদের মাইক্রোবাসটি ছাড়েনি। উল্টো তারা আল-আমিনের গলায় ছুরি ধরে রাখে, মাকে ছুরিকাঘাত করে এবং বাবাকে পিটিয়ে জখম করে। এ সময় আল-আমিনের মৃত্যু হয়।এই গণডাকাতির সময় তিন খুঁটি মোড় থেকে দেড় কিলোমিটার আগে ওই সড়কে টহল দিচ্ছিলেন প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য।ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার এসআই মো. ইসলাম হোসেন বলেন, ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে গতকাল ভোরে বাঘার চণ্ডিপুর গ্রামের মইদুল, সান্টু ও শাহজাহান, লালপুরের বসন্তপুর গ্রামের টুটুল ও বজলুর রহমান, বেরিলাবাড়ী গ্রামের আবু তালেব ও সাজেদুল এবং বামনগ্রামের গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই চিহ্নিত ডাকাত। তাদের আজ রোববার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।এদিকে গণডাকাতির ঘটনায় করা মামলার তদন্ত তদারকির জন্য নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম ও বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম লালপুরে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা নাসিরুল প্রথম আলোকে বলেন, প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ডাকাতির সময় তাঁরা কোনো অবহেলা করেছিলেন কি না, তা তদন্ত করা হচ্ছে।