নারায়ণগঞ্জ শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় লোহার মার্কেটে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ফেনসিডিল উদ্ধারের ঘটনা সাজিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের চার সদস্য গণপিটুনির শিকার হন। তাঁদের মার্কেটের ভেতর আধঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। ডিবির চার সদস্যকে উদ্ধার করতে গেলে ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ জন আহত হয়। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ ব্যবসায়ী ও শ্রমিককে গ্রেপ্তার করে। এ ঘটনার পর আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন লোহার মার্কেটের ব্যবসায়ী ও শ্রমিকেরা। তাঁরা এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের পর সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। লোহার মার্কেটের ব্যবসায়ীদের অনেকে অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম কনস্টেবল আনোয়ার, আবু হানিফ, শাহজাহানসহ লোহার মার্কেটে যান। তাঁরা নিউ মৈত্রী ট্রেডার্সে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে ওই প্রতিষ্ঠানে ফেনসিডিল আছে দাবি করে প্রতিষ্ঠানের ভেতর তল্লাশি চালান। কিন্তু ব্যবসায়ীদের উপস্থিতিতে তখন ওই প্রতিষ্ঠানে কোনো ফেনসিডিল পাওয়া যায়নি। নিউ মৈত্রী ট্রেডার্সটি অংশীদারির ভিত্তিতে পরিচালনা করেন কিশোর মিত্র ও হাজি মোসলেহ উদ্দিন নামের দুই ব্যবসায়ী।আধঘণ্টা পর পুলিশের একই দল সোর্স রিপনকে নিয়ে আবার সেখানে যায়। সোর্স রিপন ওই প্রতিষ্ঠানের বাইরে থাকা একটি ড্রামের ভেতর তিন বোতল ফেনসিডিল রাখার সময় বাসেদ নামে এক ব্যবসায়ী সেটি দেখে ফেলেন। পরে সোর্সের দেখানো মতে প্রতিষ্ঠানটির বাইরের লোহার গুঁড়াভর্তি ওই ড্রামের ভেতর থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ কারণে ব্যবসায়ী কিশোর মিত্র ও হাজি মোসলেম উদ্দিনকে হাতকড়া পরানো হলে ব্যবসায়ী বাসেদসহ অন্যরা তাতে আপত্তি জানিয়ে সোর্সকে গ্রেপ্তারের অনুরোধ করেন। এতে রাজি না হয়ে পুলিশ ওই দুই ব্যবসায়ীকে নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত ব্যবসায়ী ও লোহার মার্কেটের শ্রমিকেরা এসআই তরিকুল ও তাঁর সঙ্গীয় তিন পুলিশ কনস্টেবলকে আটকে রাখেন। একপর্যায়ে গণপিটুনি দেওয়া হয় তাঁদের।এতে এসআই তরিকুল ও তিন কনস্টেবল গুরুতর আহত হন। আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় তাঁদের। চার সদস্যকে অবরুদ্ধ করে রাখার খবরে ডিবি পুলিশের ওসি দেলোয়ার আহামঞ্চদের নেতৃত্বে দুটি দল এবং ফতুল্লা মডেল থানার পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। তারা পুলিশের ওপর হামলার অভিযোগে আলতাব, শহীদুল, সজীব, সালাম ও আওলাদ নামে পাঁচ ব্যবসায়ী ও শ্রমিককে আটক করে শহরের খানপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়। ব্যবসায়ী শ্রমিকদের আটক করার খবর ছড়িয়ে পড়লে আয়রন মার্কেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ট্রাক রেখে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়কটি অবরোধ করে। এ সময় বন্ধ হয়ে যায় চলাচল। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। ব্যবসায়ীরা আয়রন মার্কেটের সভাপতি হাজি মনিরের নেতৃত্বে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পুলিশ সুপার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে এই আশ্বাসের পর ব্যবসায়ীরা সড়ক অবরোধ তুলে নেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহামেঞ্চদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পুলিশ সুপার ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, লোহার মার্কেটে ফেনসিডিল কেনাবেচা হয়—এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ সেখানে অভিযান চালায়। তবে ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) এ কে আজাদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।