চার পুলিশ সদস্যের পরিবারকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বুধবার এক অনুষ্ঠানে পরিবারগুলোর কাছে তিনি ৫০ লাখ টাকার নয়টি চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানিয়েছেন।
গত ১ জুলাই হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত হন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী সুপারিনটেনডেন্ট রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান। আর ৭ জুলাই শোলাকিয়া ঈদ জামাতে সন্ত্রাসী হামলায় নিহত হন কনস্টেবল জহুরুল হক ও কনস্টেবল আনসারুল হক।
প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন রবিউল করিমের মা করিমন নেছা, বাবা সাজেদুল ইসলাম ও স্ত্রী উম্মে সালমা; সালাউদ্দিন খানের স্ত্রী বেগম রিম করিম, মেয়ে সামান্থা ও ছেলে সেম রাইয়ান; কনস্টেবল আনসারুল হকের মা রাবেয়া আক্তার ও স্ত্রী নুরুন্নাহার বেগম এবং কনস্টেবল জহিরুল হকের মা জুবাইদা খাতুন। চেক নেওয়ার সময় নিহত পুলিশ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: নরওয়ের সঙ্গে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এসডিজি বাস্তবায়নে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন গতকাল তেজগাঁওয়ে প্রাধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য ও জ্বালানিসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যকার সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নরওয়ের বিনিয়োগকে স্বাগত জানাবে। নরওয়ে মৎস্য, ওষুধ, চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ খাতেও বিনিয়োগ করতে পারে। এ ছাড়া জ্বালানি খাত ও সমুদ্রের ভূতাত্ত্বিক জরিপে সহযোগিতাকেও স্বাগত জানাবে বাংলাদেশ। নরওয়ের রাষ্ট্রদূত বলেন, তাঁর দৃষ্টিতে বাংলাদেশ খুব আকর্ষণীয় একটি দেশ। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব আরোপ করেন।