চার পুলিশ হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
নাটোরের সিংড়া উপজেলার একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার আর্মড পুলিশ সদস্যকে হত্যা ও আগ্নেয়াস্ত্র লুট মামলার প্রধান আসামি রেজাউল করিম (৩২) অবশেষে ধরা পড়েছেন। সিংড়া থানার পুলিশ সোমবার রাতে রেজাউলকে নিজ বাড়ির কাছের একটি রাস্তা থেকে গ্রেপ্তার করে। সিংড়া থানার পুলিশ জানায়, ২০০৫ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় চরমপন্থীরা উপজেলার বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। তারা চার আর্মড পুলিশ সদস্যকে হত্যা করে ফাঁড়ি থেকে ১১টি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলার দক্ষিণ সুখগাড়ী গ্রামের চাঁদ মিয়ার ছেলে রেজাউলকে প্রধান আসামি করে মামলা করা হয়। রেজাউল আট বছর ধরে পলাতক ছিলেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সোমবার সন্ধ্যায় ছদ্মবেশে নিজ বাড়িতে এসেছেন বলে পুলিশ খবর পায়। এরপর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাঁকে গ্রেপ্তার করতে বাড়ির পাশের একটি রাস্তায় ওত পেতে থাকেন। রাতে গোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওই রাস্তায় এলে তাঁরা রেজাউলকে গ্রেপ্তার করেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সিংড়া থানাহাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। গতকালই তাঁকে আদালতে হাজির করার কথা।রেজাউল গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত রেজাউলকে দীর্ঘদিন হন্যে হয়ে খোঁজা হচ্ছিল।