সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাইওয়ে ভিলা রেস্তোরাঁর সামনে থেকে ২২১ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার পুলিশ সদস্য ও দুজন সোর্সসহ ছয় আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসান মাহমুদ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে গত শনিবার জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করে। গতকাল দুপুরে রিমান্ডের শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৩ জুন ঢাকা থেকে বগুড়াগামী টিআর পরিবহনের একটি নৈশকোচ উত্তরবঙ্গ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার হাইওয়ে ভিলা রেস্তোরাঁয় যাত্রাবিরতি করে। এ সময় তিনজন পোশাকধারী ও একজন সাদা পোশাকের কনস্টেবলসহ ছয় ব্যক্তি মানিকগঞ্জ জেলার চারিগ্রামের রমজান আলী ব্যাপারীর ছেলে ও বগুড়ার নিসিনধারা মণ্ডলপাড়ার স্বর্ণ ব্যবসায়ী রায়হান আলী ব্যাপারীকে নামিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে নেয়। অটোরিকশাটি বগুড়ার দিকে রওনা হওয়ার পর ওই ব্যবসায়ীর কাছে থাকা ২২১ ভরি স্বর্ণ, মুঠোফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর স্বর্ণ ব্যবসায়ী রায়হান আলী রায়গঞ্জ থানায় একটি ছিনতাই মামলা করেন।