রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার পুলিধের চার সদস্যসহ পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আগামী রোববার বাকি ১২ জনের সাক্ষ্য নেওয়া হবে।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, গতকাল যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাঁরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার, জহুরুল ইসলাম, আশিকুর রহমান, ইকবাল হোসেন ও খুনের ঘটনাস্থল কাচু আলুটারি গ্রামের বাসিন্দা শাহজাহান আলী। বিশেষ পিপি আরও জানান, আগামী রোববার ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। এই মামলার ৫৭ জন সাক্ষী।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ওসি আব্দুল কাদের জিলানী গত বছরের ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
হত্যাকাণ্ডের ১৩ মাস ১২ দিন পর গত বছরের ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।