চট্টগ্রামে আদালতের হাজতখানা থেকে গত মঙ্গলবার দুপুরে এক রিমান্ডের আসামি লাপাত্তা হওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে দায়ী করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।দায়ী চার পুলিশ সদস্য হলেন দুই হাবিলদার মো. শহীদুর রহমান ও পঙ্কজ কান্তি দে এবং দুই কনস্টেবল নজরুল ইসলাম ও মনির হোসেন।পুলিশ সূত্র জানায়, হাজত থেকে আসামি পালানোর ঘটনা তদন্ত করে দেখার জন্য নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. মনজুর মোরশেদকে দায়িত্ব দেওয়া হয়। তিনি গতকাল বুধবার রাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে তাঁর প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে দায়িত্বে অবহেলার জন্য ওই চারজনকে দায়ী করা হয়।মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘হাজতের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটে। এ কারণে তাঁদের দায়ী করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এখন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন।’ জানা গেছে, পতেঙ্গা থানায় দায়ের করা মাদকদ্রব্যের একটি মামলায় গত রোববার আলী আকবর (৪০) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হন। এরপর পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মহানগর হাকিম মুনতাসির আহমেদের আদালতে আলী আকবরের রিমান্ড শুনানির দিন ছিল। এ জন্য মঙ্গলবার সকালে তাঁকে কারাগার থেকে এনে আদালতের হাজতে রাখা হয়। দুপুরে আদালতে শুনানি শুরুর পর আলী আকবর লাপাত্তা হয়ে যান।