চার পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে কালাই উপজেলায় ধান ব্যবসায়ী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দুই কর্মকর্তাসহ চার পুলিশের বিরুদ্ধে জয়পুরহাট আদালতে একটি হত্যা মামলা করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার জয়পুরহাট অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন পুলিশের মারপিটে নিহত যুবক সাইদুর রহমানের (৩২) বাবা কাজেম আলী। মামলার আসামিরা হলেন কালাই থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, উপপরিদর্শক (এসআই) মো. আসাদ, সিপাহি রাসেদুল ও সিপাহি ফারুক। আদালতে শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল বাহার কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গণ্য করার আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার ভোর চারটার দিকে কালাই থানা-পুলিশ উপজেলার হারুঞ্জা গ্রামের শাপলা হোসেনের বাড়িতে যায়। চারজন পুলিশ বাড়িতে ঢুকে শাপলার স্ত্রী মাসুদা বেগমকে মারপিট করে শাপলা হোসেনকে আটক করে। এ সময় শাপলার ছোট ভাই ফেরদৌস পুলিশকে আটকের বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ সময় পাশের বাড়ি থেকে শাপলা হোসেনের চাচা সাইদুর রহমান কী মামলা আছে জানতে চাইলে এসআই রফিক, আসাদ ও সিপাহি রাসেদুল ও ফারুক সাইদুরকে পিস্তল দিয়ে মাথায় আঘাত করেন ও লাথি মারেন। এতে সাইদুর চেতনা হারিয়ে ফেললে তাঁকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত সোমবার উত্তেজিত জনতা কালাই স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর করে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে চারজন আহত হন।

নিহত সাইদুর রহমানের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, নিহত যুবকের ঘটনায় সোমবার রাতেই তাঁরা থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। কিন্তু ওসি তখন থানায় ছিলেন না। মুঠোফোনে তিনি অভিযোগটি থানায় রেখে যেতে বলেন। সেই অনুযায়ী রেখে এলেও আজ বুধবার পর্যন্ত সেটি মামলা হিসেবে গ্রহণ না করায়, আজ আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা করেন।

এ ঘটনায় জয়পুরহাটের পুলিশ সুপার মো. রশীদুল হাসান অভিযুক্ত চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোকাম্মেল হক।

মামলার বাদীর আইনজীবী উজ্জ্বল হোসেন জানান, মামলাটি আদালতে দাখিল করলে শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।