চার পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চারটি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এ-সংক্রান্ত সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, চাটখিল পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ওরফে জাহাঙ্গীর, বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় বর্তমান মেয়র আক্তার হোসেন, কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা ও হাতিয়া পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া আইনজীবী সমিতির সভাপতি ছাইফ উদ্দিনকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
চারটি পৌরসভায় মেয়র পদে চার প্রার্থীর নাম চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। গতকাল বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতামতের আলোকে প্রতিটি পৌরসভার একজন করে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছি। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের মনোনয়ন চূড়ান্ত করবেন।’