চার পৌরসভায় প্রার্থীসহ ২৭ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল রোববার কুমিল্লার হোমনা পৌরসভায় দুই মেয়র ও ১২ কাউন্সিলর প্রার্থী এবং চান্দিনা পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। একই দিন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার দুই মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থীর নয় কর্মীকে এবং ময়মনসিংহের নান্দাইল পৌরসভার এক মেয়র প্রার্থীর তিন কর্মীকে জরিমানা করা হয়।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা: দেয়ালে পোস্টার লাগানোর দায়ে হোমনা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মো. আবদুল লতিফ ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. হানিফ মিয়াকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। একই অভিযোগে হোমনা ও চান্দিনার ১৩ জন কাউন্সিলর প্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। হোমনার নির্বাহী হাকিম মো. তৌহিদুল ইসলাম ও চান্দিনার নির্বাহী হাকিম মিয়া মো. কেয়াম উদ্দিন এসব অর্থদণ্ড করেন।

অর্থদণ্ডাদেশ পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন হোমনার ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোজাম্মেল হক, শাহ আলম; ৩ নম্বর ওয়ার্ডের রাজ মিয়া, আবদুস সামাদ, ফজলু মিয়া; ৪ নম্বর ওয়ার্ডের আবদুল বাতেন, দিলীপ ভৌমিক, মানিক মিয়া; ৫ নম্বর ওয়ার্ডের ফজলুল হক, মো. মাহবুবুর রহমান, হারুন অর রশিদ, শাহনুর আহমেদ এবং চান্দিনার ১ নম্বর ওয়ার্ডের মো. আবদুর রহিম।

কুমিল্লার জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার লাগানোর কারণে ওই জরিমানা করা হয়েছে।

জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় দুই মেয়র ও আট কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দেয়ালে পোস্টার সাঁটানোয় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদের এক কর্মীকে পাঁচ হাজার টাকা এবং প্রচারণায় ব্যবহৃত গাড়িতে পোস্টার লাগানোয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ কে এম সফি আহমদের এক সমর্থককে তিন হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুরাদ আহমদ; দেয়ালে পোস্টার সাঁটানোয় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হারুনুর রশীদ, রুমান আহমদ, আবদুল মতলিব ওরফে খোকন, শামীম আহমদ চৌধুরী, মো. মুস্তাক এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেবী বেগম চৌধুরীর কর্মীদের নগদ পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নান্দাইল (ময়মনসিংহ): পৌরসভার চণ্ডীপাশা চৌরাস্তা বাজারের দুজন ব্যবসায়ী বলেন, ৯ নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রফিক উদ্দিন ভূঁইয়ার পক্ষে শামিয়ানা টানিয়ে মাইক ব্যবহার করে বক্তব্য দিচ্ছিলেন কয়েকজন সমর্থক। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. জসীম উদ্দিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সেখানে যান। এ সময় মো. মোজাম্মেল হক, সাইফুল ইসলাম ও শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে মোজাম্মেল ও শহিদুলকে দুই হাজার টাকা করে ও সাইফুলকে ২০০ টাকা জরিমানা করা হয়।