চার পৌরসভায় দুই দলের একাধিক প্রার্থী
নোয়াখালীর সাতটি পৌরসভার চারটিতে ক্ষমতাসীন মহাজোটের অংশীদার জাতীয় পার্টিও একক প্রার্থী দিয়ে ভোটের লড়াইয়ে নেমেছে। আবার বিএনপিরও রয়েছে একজন করে বিদ্রোহী প্রার্থী। চৌমুহনীতে আওয়ামী লীগ থেকে দলীয় সমর্থন পেয়েছেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। এখানে প্রার্থিতা বহাল রেখেছেন জাতীয় পার্টির এ বি এম ইউসুফ। এ পৌরসভায় বিএনপি থেকে সমর্থন পেয়েছেন জুলফিকার আলী ভুট্টো। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে লড়ছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম। সেনবাগ পৌরসভায় আওয়ামী লীগ থেকে সমর্থন পেয়েছেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর টিপু। এখানে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন উপজেলা সভাপতি তালেবুজ্জামান। আবার উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পদক আবুল কাশেম ও যুবলীগ থেকে বহিষ্কৃত মোশারফ হোসেনও (আনারস) প্রার্থী হয়েছেন মেয়র পদে। এই পৌরসভায় বিএনপি থেকে দলীয় সমর্থন পেয়েছেন পৌর সাধারণ সম্পাদক ফারুক বাবুল। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন বিএনপির বিদ্রোহী নেতা কাজী মফিজুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী সাবেক ছাত্রনেতা মফিজুল ইসলাম।চাটখিল পৌরসভায় আওয়ামী লীগ থেকে সিরাজুল ইসলাম চৌধুরীকে দলীয় সমর্থন দেওয়া হয়। এখানেও জাতীয় পার্টি একক প্রার্থী দিয়েছে ফজলুল করিম বাচ্চুকে। এখানে বিএনপি থেকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে গোলাম মোস্তফাকে। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন নুরুল ইসলাম ভুঁইয়া। হাতিয়া পৌরসভায় আওয়ামী লীগ থেকে দলীয় সমর্থন দেওয়া হয় ছাইফ উদ্দিন আহম্মেদকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউছুফ আলী। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদ তিন পৌরসভায় একক প্রার্থী ঘোষণা করার প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা মহাজোটে আছি। কিন্তু পৌর নির্বাচনে প্রার্থিতার বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের জেলা নেতাদের সঙ্গে কথা বলেও এই বিষয়ে তাঁদের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাইনি। তাই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ওই তিন পৌরসভায় আমাদের প্রার্থী দিয়েছি।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘মহাজোটের শরিক জাতীয় পার্টির সঙ্গে পৌর নির্বাচনে প্রার্থিতা ভাগাভাগির বিষয়ে কেন্দ্র থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা ছিল না। তাই আমাদের এই বিষয়ে করণীয় কিছু ছিল না। তবে জাতীয় পার্টি একক প্রার্থী দিলেও আওয়ামী লীগসমর্থিত প্রার্থীদের জয়-পরাজয়ে ভূমিকা রাখার সম্ভাবনা ক্ষীণ।’বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, দল থেকে যে প্রার্থীকে সর্মথন জানানো হয়েছে, তাঁর পক্ষে সব নেতা-কর্মীই কাজ করবেন। যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁরা নিজ দায়িত্বেই হয়েছেন। তাঁদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙের অভিযোগে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।