
চারটি প্রতিষ্ঠান ও দুজন ব্যক্তিকে দেশের পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য এইচএসবিসি-ডেইলি স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
গ্রিন বিজনেস ক্যাটাগরিতে ইস্পাহানি গ্রুপের ইস্পাহানি এগ্রোকে, ডিবিএল গ্রুপের হামজা টেক্সটাইলকে পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য গ্রিন অপারেশন, পরিবেশসম্মত পণ্য উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য রেনাটা লিমিটেডকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
আর পক্ষাঘাতগ্রস্তদের সেবা ও চিকিৎসা দিয়ে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা এবং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় সিআরপিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ব্যক্তি হিসেবে সরকারের প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে পরিবেশ রক্ষা করায় যুগ্ম সচিব এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মুনির চৌধুরী এবং লেখালেখির মাধ্যমে গাছ সম্পর্কে মানুষকে সচেতন করায় লেখক মোকাররম হোসেনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, সরকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। উন্নয়নের কারণে কোথাও একটি গাছ কাটা হলে পাঁচটি নতুন গাছ রোপণ করছে। দেশের উপকূলে যে নতুন ভূমি জেগে উঠছে তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে বলে তিনি জানান।
বাংলাদেশ একটি সবুজ অর্থনৈতিক উন্নয়নের পথে এগোচ্ছে—এমন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক দেশে গ্রিন ব্যাংকার কার্যক্রম পরিচালনা করছে। ডেইলি স্টার সমালোচনা করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে কাজ করছে।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মুনির চৌধুরী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে কেউ যাতে পরিবেশ ধ্বংসের কথা না বলে, সেই চেষ্টা আমি করেছি।’ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে দেশের বিদ্যমান পরিবেশ আইন মেনে কাজ করে, সেই লক্ষ্যে সামনের দিনগুলোতেই কাজ করবেন বলে জানান তিনি।
বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রানকোইস ডি ম্যারিকোট। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা পরিবেশবিদ ও শিল্প এবং ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।