চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬৩ লাখ টাকা জরিমানা
পাহাড় কাটা এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকার দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৬৩ লাখ ৬৭ হাজার ৩৮৬ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে শুনানির পর পরিচালক মকবুল হোসেন এই জরিমানা ধার্য করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের পাশে পাহাড় কাটার অপরাধে সানমার প্রপার্টিজকে ৯ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইটিপি ছাড়া কারখানা পরিচালনার দায়ে সীতাকুণ্ডের বড় কুমিরার কর্ণফুলী স্টিল মিল লিমিটেডকে ৪ লাখ ৫৪ হাজার ৬৫৫ টাকা ও কর্ণফুলী গ্যালভানাইজিংকে ৯০ হাজার ৯৩১ টাকা এবং ভাটিয়ারীর সানম্যান নিট ফেব্রিকসকে ৪৮ লাখ ৪০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
গত এক মাসে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে একটি দল এসব কারখানা এবং পাহাড় কাটার স্থান পরিদর্শন করে। পরে মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেন বলেন, প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।