চার প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা
রাজধানীতে অনুমোদনহীন পণ্য মজুত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
এপিবিএন-৫-এর সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান মিরপুরের বাগবাড়ী এলাকায় হাজী আমিন সুইট অ্যান্ড বেকারিতে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্যসামগ্রী মজুত রেখে বিক্রির প্রমাণ পান। এই অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সোহাগ মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
এ ছাড়া নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে শর্মা কেবাশীষ হাউস-এর ব্যবস্থাপক মো. খালিদকে ৩০ হাজার টাকা, মেসার্স লবস্টার কিং রেস্টুরেন্টের ব্যবস্থাপক কাজী আজাদুর রহমানকে ২০ হাজার টাকা এবং নিউ ভাই ভাই স্টোর-এর একটি খাবারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।