
নোংরা পরিবেশ, ময়লা হাতে পণ্য তৈরি, পণ্যের গুণগত মান বজায় না-রাখা, পোড়া তেল ব্যবহার, পণ্যের মেয়াদ নিয়ে প্রতারণাসহ নানা অনিয়মের কারণে চট্টগ্রাম নগরের খাদ্য উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানকে মোট ৩১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো থাই ফুড প্রোডাক্টস লিমিটেড, মেরিডিয়ান ফুডস, বিএসটি ফুড প্রোডাক্টস ও অলিম্পিক মিল্ক অ্যান্ড ফুড প্রসেসিং।
গতকাল বুধবার নগরের কালুরঘাট শিল্প এলাকায় দিনভর এসব অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
র্যাব সূত্র জানায়, অপরিচ্ছন্ন পরিবেশে খালি হাতে নুডলস তৈরি, শৌচাগারের ড্রামে করে কাঁচা মটর সংরক্ষণের অপরাধে থাই ফুড প্রোডাক্টকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের গুণগত মান বজায় না-রাখা, খালি হাতে চিপস, ললিপপ তৈরি, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া কোমল পানীয় তৈরির কারণে মেরিডিয়ান ফুডসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহারের জন্য বিএসটি ফুড প্রোডাক্ট নামের আরেকটি প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আমদানি করা গুঁড়ো দুধের গায়ে মেয়াদ না-থাকা, অনেক আগে আমদানি করা দুধ শিশুখাদ্য হিসেবে প্যাকেটজাত করার সময় ভুল মেয়াদ বসানোর দায়ে অলিম্পিক মিল্ক অ্যান্ড ফুড প্রসেসিং নামের আরেকটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘অলিম্পিক ফুডসের আমদানি করা দুধের অনেকগুলো বস্তার গায়েই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। আবার দেখা গেছে, হয়তো আট মাস আগে কোনো দুধ আমদানি করা হয়েছে। থাই ফুডের কারখানায় শৌচাগারের ভেতরে আটটি ড্রামে রাখা কাঁচা মটর পাওয়া গেছে।’
এদিকে লবণে আয়োডিন না দেওয়া, অপরিচ্ছন্নভাবে পরিবেশে উৎপাদন, ওজনে কম দেওয়া, প্যাকেটের গায়ে উৎপাদন সম্পর্কে ভুল তথ্য দেওয়ায় ‘মেসার্স মালেক সল্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরের এয়াকুবনগর এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। অভিযানে তাঁকে সহায়তা দেন আরও দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম ও শান্তা রহমান।
লবণে আয়োডিন না দিয়ে খোলাবাজারে বিক্রি করায় নগরের মাঝিরঘাট এলাকায় আরও একটি লবণের কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান।
এ ছাড়া চালকের লাইসেন্স না-থাকা, নিবন্ধন ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো, হেলমেট ব্যবহার না-করা ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে মোট ১২ জনকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা ও মামলা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমান।