চার প্রার্থীকে জরিমানা
বগুড়ার শেরপুর পৌরসভায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে চার কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতিতে এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম।
প্রতিদ্বন্দ্বী এসব প্রার্থীর মধ্যে ফজলুল রহমান, আবুল কালাম আজাদ ও আবদুল হাদীকে এক হাজার টাকা করে এবং রেজাউল করিমকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার টাকা প্রার্থীরা তাৎক্ষণিক পরিশোধ করেন।
মো. ফিরুজুল ইসলাম বলেন, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের ওসব প্রার্থী নির্বাচনী বিধিমালা ভঙ্গ করে ওয়ার্ডের হাজীপুর ও চক্ষু হাসপাতাল সড়কের বিভিন্ন দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে নির্বাচনী পোস্টার সেঁটে দিয়েছিলেন। এ কারণে ওই অর্থদণ্ড করা হয়েছে। এ সময় প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ওই প্রার্থীদের মধ্যে আবদুল হাদী বলেন, তাঁর সমর্থকেরা ভুল করে ওসব পোস্টার দেয়ালে সেঁটে দিয়েছিলেন। এগুলো তাঁর নজরে আসেনি।