চার প্রার্থীর দুজনই ব্যবসায়ী

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন চার প্রার্থী। এর মধ্যে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে নয়টি। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে এখন কোনো মামলা নেই। তবে অতীতে তাঁর বিরুদ্ধে ১২টি ছিল।
আগামী ৬ মার্চ ভোট হবে। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ মারা যান। এরপর দীর্ঘ সময় ওই পদটি শূন্য ছিল।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও জামায়াত এবং জাতীয় পার্টির দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। প্রার্থীদের হলফনামায় দেখা গেছে, বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন আদালতে নয়টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানো, বিস্ফোরকদ্রব্য আইন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং মারামারির ঘটনায় এসব মামলা রুজু করা হয়। রেজাউল কাইয়ুম বলেন, ২০১৩ ও ২০১৫ সালে রাজনৈতিক কারণে এসব মামলা দেওয়া হয়।
আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। তবে হলফনামায় ৩(খ) কলামে তিনি উল্লেখ করেন, অতীতে তাঁর বিরুদ্ধে ১২টি মামলা ছিল। ১৯৯১ থেকে ২০০৫ সালের ২ জুলাই পর্যন্ত এ মামলাগুলো করা হয়। পরে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যায়।
জামায়াত নেতা ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম এমদাদুল হক মামুনের বিরুদ্ধে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মারামারির একটি মামলা বিচারাধীন রয়েছে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল কবির মোহনের বিরুদ্ধে কোনো মামলা নেই।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আমিনুল ইসলাম আইনজীবী। বিএনপির রেজাউল কাইয়ুম ব্যবসায়ী। এমদাদুল কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকায় ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পৌরনীতি বিভাগের সহকারী অধ্যাপক। আর ওবায়দুল কবির হাসপাতাল এবং মাইক্রোবাস ভাড়া ব্যবসায় যুক্ত।
আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার হোসেন বলেন, এ উপজেলায় ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫২ জন। ৬ ইউনিয়নের ৫৬টি কেন্দ্রে ভোট হবে।