নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জমা দেওয়া চারজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। সাবেক প্যানেল মেয়র এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম খুন হওয়ায় এই ওয়ার্ড কাউন্সিলরের পদ শূন্য হয়। ২১ আগস্ট এই ওয়ার্ডে উপনির্বাচনের ভোট হবে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চার প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান। নির্বাচনে প্রয়াত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম, ছোট ভাই আবদুস সালাম এবং স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন ও মাসুদ রানা মনোনয়নপত্র জমা দেন। ৩ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে পাঁচ সহযোগীসহ নজরুল ইসলাম অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।