খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট আগামী মঙ্গলবার। এতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত চার শিক্ষককে প্রিসাইডিং কর্মকর্তা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মনিরুল হাসান গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই কর্মকর্তাদের সহযোগিতায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতি করা হবে।
লিখিত বক্তব্যে এস এম মনিরুল বলেন, এ ইউপির ১ নম্বর ওয়ার্ডের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাজদিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আনোয়ার হোসেনকে। ৭ নম্বর ওয়ার্ডের মোছাব্বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রূপসা ডিগ্রি কলেজের শিক্ষক অনিরুদ্ধ বাবু, ৮ নম্বর ওয়ার্ডের নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই কলেজের শিক্ষক সিহাব উদ্দিন শেখ ও ৯ নম্বর ওয়ার্ডের ভদ্রগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একই কলেজের শিক্ষক জগবন্ধু বিশ্বাসকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম জাকির হোসেনের কাছে অভিযোগ করার পরও তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
তবে তাৎক্ষণিকভাবে ওই চারজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা বলেন, ‘আমার জানামতে, এই চারজন শিক্ষক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁদের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর অভিযোগ ভিত্তিহীন।’
ওই ইউপির রিটার্নিং কর্মকর্তা এ বি এম জাকির হোসেন বলেন, ‘আমাদের কাছে প্রিসাইডিং কর্তাদের সম্পর্কে তথ্য না থাকায় এমনটি হতে পারে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি।’