চার বছর ধরে অ্যাম্বুলেন্স নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে ৫ নভেম্বর বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি হন বাহার বেগম (৬০)। কর্তব্যরত চিকিৎসকেরা সংকটাপন্ন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রোগীর সঙ্গে আসা আত্মীয়স্বজনেরা বারবার হাসপাতালের অ্যাম্বুলেন্সটি চান। কিন্তু না পেয়ে সাড়ে তিন হাজার টাকা ধার করে তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে ঢাকায় নেন তাঁরা। ওই বৃদ্ধার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার পৈলপাড়া গ্রামে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ২০০৯ সাল থেকে নষ্ট। ২০১০ সালের ডিসেম্বরে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভাঙাচোরা একটি অ্যাম্বুলেন্স আনা হয়। কিছুদিন পর এটিও বিকল হয়ে যায়। সেই থেকে ভোগান্তি পোহাচ্ছে রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মচারী মোস্তফা কামাল বলেন, ‘গত এক বছরে আড়াই শতাধিক রোগীকে চাঁদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, নতুন অ্যাম্বুলেন্সের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অ্যাম্বুলেন্স পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। দেখা যাক, কী হয়।