চার বছর ধরে খোলা আকাশের নিচে ক্লাস
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের গোমা-মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়। ২০০৯ সালে আইলায় ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এরপর নতুন ভবন নির্মাণ না করায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের চার বছর ধরে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোফাজ্জেল হোসেন বলেন, প্রায় ৩০ বছর আগে পাঁচ কক্ষবিশিষ্ট একটি ভবন নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ঘূর্ণিঝড় সিডর এবং আইলায় বিদ্যালয়ের টিন উড়ে যায়। আসবাবও নষ্ট হয়ে যায়। তখন থেকেই শিক্ষা বিভাগে বারবার ধরনা দেওয়ার পরও ভবন নির্মাণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একপর্যায়ে টেস্ট রিলিফের (টিআর) কিছু অর্থ এবং এলাকাবাসীর সহযোগিতায় কোনোরকমে দুটি কক্ষের একটি ঘর নির্মাণ করা হয়। সেখানে স্থান-সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। কর্তৃপক্ষ কয়েকবার ভবন নির্মাণের আশ্বাস দেয়। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম খান বলেন, বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এখানে প্রশাসনিক নজরদারি কম। শিক্ষা কর্মকর্তাদের কাছে সমস্যার কথা বলা হলেও সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কক্ষসংকটের কারণে বাইরে ক্লাস নেওয়া হচ্ছে। তবে বর্ষা মৌসুমে ক্লাস চালাতে খুব সমস্যায় পড়তে হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নূরুল আমীন মৃধা বলেন, ‘শুনেছি ওই বিদ্যালয়ে টিনশেডের সেমিপাকা ভবন আছে। আমি কয়েক মাস আগে এখানে বদলি হয়ে এসেছি। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বিদ্যালয়টি পরিদর্শন করা হয়নি। তাই বিদ্যালয়টি সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের কক্ষসংকট সমাধানে সর্বশেষ ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি উপজেলা শিক্ষা কমিটির সভায় স্কুল-কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের সুপারিশ করা হয়। এরপর আর অগ্রগতি হয়নি। এ বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগ ভালো বলতে পারবে।
উপজেলা শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলী আনন্দ কুমার ঘোষ বলেন, সেখানে একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য সর্বশেষ ২০১৩ সালের ২৮ জুলাই মন্ত্রণালয়ে সুপারিশপত্র পাঠানো হয়েছে।