চার বছর ধরে চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সাল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চারু ও কারুকলাকে আবশ্যিক (বাধ্যতামূলক) হিসেবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু চার বছর ধরে চুয়াডাঙ্গার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে কোনো শিক্ষক নেই। অন্য বিষয়ের শিক্ষকেরাই চারু ও কারুকলা বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন। এ অবস্থায় জেলার ১৫ হাজারের বেশি পরীক্ষার্থী এ বিষয়ে যথাযথ প্রস্তুতি ছাড়াই আগামীকাল মঙ্গলবার জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ৫০ নম্বরের এবং নবম ও দশম শ্রেণিতে ১০০ নম্বরের চারু ও কারুকলা বিষয় আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বছরেই (২০১৩ সালে) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং ২০১৫ সাল থেকে এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। জেএসসি পরীক্ষার্থীদের জন্য বিষয়টির ৩৫ নম্বর রচনামূলক অংশে চিত্র আঁকা, নকশা করা ও রং করার কাজ আছে।

জেলা শিক্ষা কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা সূত্রে জানা গেছে, এবার জেলার চারটি উপজেলার ১৩০টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫ হাজার ১৮০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে চারু ও কারুকলা বিষয়ে আলাদা শিক্ষক নেই। বিষয়টি বাধ্যতামূলক করার পরও এ বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। একই কারণে উত্তরপত্র মূল্যায়ন নিয়েও শিক্ষকেরা বিড়ম্বনায় পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক বলেন, ‘শিক্ষক নিয়োগ ছাড়াই চারু ও কারুকলার মতো সৃজনশীল বিষয়কে বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষকদের একটি অংশ কিছু না জেনেই কোমলমতি বাচ্চাদের ভুল শেখাচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।’

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯৫ জন শিক্ষার্থী। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস বলেন, বিদ্যালয়টিতে চারু ও কারুকলা বিষয়ে দুটি পদ রয়েছে। কিন্তু কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। সাধারণ শিক্ষকেরাই চারু ও কারুকলা বিষয়ে পাঠদান এবং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করেন।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর ২৫৮ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসীন আলী জানান, চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক না থাকায় একজন অস্থায়ী শিক্ষককে দিয়ে কাজ চালানো হচ্ছে।

জেলা শহরের পলাশপাড়ার বাসিন্দা রাজিয়া সুলতানার মেয়ে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেবে। তিনি বলেন, ‘বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে কোথাও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। শেষ পর্যন্ত সাইনবোর্ড লেখেন এমন এক ব্যক্তির কাছে মেয়েকে শিখতে পাঠিয়েছি।’ তাঁর দাবি, চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হোক, না হয় বিষয়টিকে ঐচ্ছিক বা বিলুপ্ত করা হোক।

জেলা শিক্ষক সমিতির (মাধ্যমিক) সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, নতুন বিষয়টি নিয়ে বেশ জটিলতা তৈরি হচ্ছে। সংকটময় পরিস্থিতিতে অন্য বিষয়ের শিক্ষক দিয়ে চারু ও কারুকলা বিষয়ে পাঠদান করানো হচ্ছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্স সম্পন্নকারী বেশির ভাগ শিক্ষকের চারু ও কারুকলা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে। তাঁরাই বিদ্যালয়ে পাঠদান করছেন। এ ছাড়া মন্ত্রণালয় নতুন জনবল সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে আর সমস্যা থাকবে না।