চার বছর ধরে জাতীয় সংগীত গায় না ওরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে চার বছর ধরে শরীরচর্চা (অ্যাসেম্বলি), জাতীয় সংগীত ও কোনো খেলাধুলা হয় না। প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে বিদ্যালয়টির চারপাশে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাতেই এ দশা। কখনো কখনো শ্রেণীকক্ষেও ঢুকে পড়ে জোয়ারের পানি।নাফ নদ-সংলগ্ন এ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২৯১ জন। শিক্ষক আছেন তিনজন। সরেজমিনে ৫ ফেব্রুয়ারি সকালে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা হাঁটুসমান পানি ভেঙে বিদ্যালয়ে আসছে। খেলার মাঠে জমে থাকা পানিতে মাছ ধরছেন একজন জেলে। জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের একটি ভবন অব্যবহূত অবস্থায় পড়ে আছে। অপর ভবনটির এক কক্ষে অফিস ও অপর দুটি ছোট কক্ষে গাদাগাদি করে চলছে শিক্ষার্থীদের পাঠদান। খোঁজ নিয়ে জানা গেছে সিডর, আইলা ও গিরির আঘাতে নাফ নদের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি ঢুকে পড়ে বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিনিয়ত ঢুকে পড়া জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গত চার বছর ধরে এ সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি।তৃতীয় শ্রেণীর নোটন, নাজমা ও জান্নাতুল জানায়, শীতের মধ্যেও মাঠের হাঁটুপানি পেরিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয় তাদের। এতে তাদের চর্মরোগ হয়ে গেছে। পঞ্চম শ্রেণীর সাবেকুন্নাহার বলে, প্রথম শ্রেণীতে ভর্তির পর পর কয়েক দিন অ্যাসেম্বলি করেছিলাম। কিন্তু এখন আর হয় না।সহকারী শিক্ষক তরুণ দত্ত বলেন, জলাবদ্ধতার কারণে দিন দিন এখানকার শিক্ষার্থী কমে যাচ্ছে। প্রতিদিন ১০০-১২০ জন শিক্ষার্থী আসে। পরিচালনা কমিটির সভাপতি মোস্তাক আহমদ বলেন, বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় পুরো এলাকা জোয়ারের পানিতে ডুবে থাকে। আশপাশের নালা-নর্দমার দূষিত পানি বিদ্যালয়ে ঢুকে পড়ে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিয়ারা বেগম বলেন, জলাবদ্ধতার কারণে একটি ভবনে তো যাওয়াই যায় না। ফলে একটি ভবনেই চালাতে হয় সব কাজকর্ম।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু তালহা বেড়িবাঁধের কয়েকটি স্থান ভেঙে যাওয়ায় ওই এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়ার কথা স্বীকার করেন। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।স্থানীয় সাংসদ আবদুর রহমান বলেন, পাউবোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।