নওগাঁ সাব-স্টেশনের ১০ মেগাওয়াট ক্ষমতার একটি বিকল ট্রান্সফরমার প্রায় চার বছর ধরে মেরামত না করায় কয়েক হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন। নওগাঁ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ওই সাব-স্টেশন থেকে নওগাঁসহ বগুড়ার আদমদীঘি উপজেলা ও জয়পুরহাট জেলার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়।জাতীয় গ্রিড থেকে সরবরাহ থাকলেও ট্রান্সফরমার বিকল থাকায় তা মাঠপর্যায়ে বিতরণ করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে।সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও নওগাঁ সাব-স্টেশন সূত্রে জানা গেছে, সাব-স্টেশনে প্রতিটি ১০ মেগাওয়াট ক্ষমতার চারটি ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে একটি ট্রান্সফরমার প্রায় চার বছর ধরে বিকল রয়েছে। বর্তমানে নওগাঁ এলাকায় প্রায় ৩৭ হাজার এবং সান্তাহার এলাকায় প্রায় ২৫ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছেন। ধান উৎপাদনশীল অঞ্চল হওয়ার কারণে সাধারণ গ্রাহকের পাশাপাশি এলাকায় উচ্চক্ষমতার (এসটি) লাইনের শতাধিক গ্রাহকও রয়েছেন। এর মধ্যে অটোমেটিক রাইস মিল, কোল্ড স্টোরেজ, মৎস্য হ্যাচারিসহ সান্তাহারে রয়েছে খাদ্য বিভাগের সাইলো ও সান্তাহার জংশন স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। বিকল ট্রান্সফরমারের কারণে এসব স্থাপনাসহ ব্যবসা-বাণিজ্যকেন্দ্র ও আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। সরবরাহ থাকার পরও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।নওগাঁ কন্ট্রোল রুমের সুইচ অপারেটর লুৎফর রহমান জানান, দীর্ঘদিন ধরে ট্রান্সফরমারটি বিকল থাকার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অপারেটররা। প্রতিদিন গ্রাহকদের লোডশেডিংসহ নানা সমস্যার জবাব দিতে হচ্ছে। ট্রান্সফরমারটি বিকল থাকায় অন্য তিনটিতে অতিরিক্ত চাপ পড়ছে। সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান জানান, ঠিকাদার দিয়ে বিকল ট্রান্সফরমারটি মেরামত করা হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী এটি পরীক্ষার জন্য পাওয়ার গ্রিড কোম্পানির একটি দল আসার কথা। তারা এসে স্থানীয় প্রকৌশলীদের উপস্থিতিতে ট্রান্সফরমারটি চালু করবেন।সান্তাহার চালকল মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান জানান, লোডশেডিংয়ের কারণে মিলমালিকেরা বিপাকে পড়েছেন। সান্তাহার নাগরিক কমিটির সভাপতি মোসলেম উদ্দীন বলেন, বিকল ট্রান্সফরমারটি চালু না করায় ইফতার, সেহির ও নামাজের সময় লোডশেডিং চলছে।রাজশাহী অঞ্চলের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম বলেন, ট্রান্সফরমারটি দ্রুত চালু করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।