চার বছর ধরে পুলিশ অন্ধকারে হাতড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোপীবাগে কথিত পীরসহ ছয়জনকে হত্যার ঘটনায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। তবে হামলায় কতজন অংশ নিয়েছিল এবং হত্যাকারীদের শনাক্তে অন্ধকারে হাতড়াচ্ছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের পরিদর্শক কাজী গোলাম কবির প্রথম আলোকে বলেন, গোপীবাগে ছয় খুনে জড়িত পাঁচ আসামির নাম পাওয়া গেলেও তাদের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি। এরা গ্রেপ্তার হলে হত্যাকারীরা কীভাবে এসেছে, কতজন অংশ নিয়েছে এবং কেন কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

মামলার তদন্তসম্পৃক্ত সূত্র জানায়, দীর্ঘ প্রায় চার বছরে পুলিশ শুধু নিশ্চিত হয়েছে, হত্যাকাণ্ডে নিষিদ্ধ সংগঠন জেএমবি জড়িত ছিল। এর আগে সন্দেহভাজন হিসেবে যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হত্যাকারী কি না, সে বিষয়ে তারা কিছু জানতে পারেনি।

২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় গোপীবাগের ৬৪/৬ নম্বর বাড়িতে ইমাম মাহাদীর প্রধান সেনাপতি বলে দাবি করা লুৎফর রহমানসহ ছয়জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যরা হলেন লুৎফরের ছেলে সারোয়ার ইসলাম, লুৎফরের অনুসারী মঞ্জুর আলম, মো. শাহিন, মো. রাসেল ও মজিবর সরকার। পরে লুৎফরের ছেলে আবদুল্লাহ আল ফারুক বাদী হয়ে ওয়ারী থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, সূত্রবিহীন এই মামলা প্রথমে ওয়ারী থানার পুলিশ তদন্ত করে। তখন পুলিশ এই মামলায় সন্দেহভাজন চারজনকে (জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সারওয়ার) গ্রেপ্তার করে। কিন্তু পুলিশ তাঁদের কাছ থেকে কোনো তথ্য পায়নি। মামলাটি ২০১৫ সালের অক্টোবরে ডিবির পূর্ব বিভাগে স্থানান্তর করা হয়। ২০১৫ সালের ৫ অক্টোবর বাড্ডায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান কথিত আরেক পীর খিজির হায়াত খান হত্যা মামলায় গ্রেপ্তার তরিকুল ইসলামের কাছ থেকে ছয় খুন সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপর ছয় খুন মামলায় তরিকুলকে গ্রেপ্তার দেখানো হয়।

আদালত ও মামলার তদন্ত সূত্র জানায়, তরিকুল আদালতে দেওয়া জবানবন্দিতে ছয় খুনে জেএমবির পাঁচ সদস্যের নাম বলেন। তাঁরা হলেন আবদুল গাফফার, মাহফুজ, রনি, জাহিদ ও আতিক। তরিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গাফফারকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গাফফার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী গোলাম কবীর প্রথম আলোকে বলেন, ডিবির জিজ্ঞাসাবাদে তরিকুল দাবি করেন, তিনি ছয় খুনের বিষয়ে জানতেন। খিজির খানকে খুন করার একটি বৈঠকে তাঁদের আরেকটি গ্রুপের সদস্যরা কথিত পীর লুৎফর রহমানকে খুনের পরিকল্পনা করেছিলেন।

জানতে চাইলে মামলার বাদী আবদুল্লাহ আল ফারুক সম্প্রতি প্রথম আলোকে বলেন, বিচার না পেয়ে চরম হতাশ হয়েছেন তারা।