চার বছর ধরে বিকল সিটি স্ক্যান মেশিন
চার বছর ধরে নষ্ট পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি। এর ফলে গরিব রোগীদের প্রতিদিন হাসপাতালের বাইরের রোগ নির্ণয়কেন্দ্র থেকে সিটি স্ক্যান করাতে হচ্ছে। এ ক্ষেত্রে বেশি টাকা ব্যয় এবং দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।
সিটি স্ক্যান মেশিন নষ্ট হয় ২০১৪ সালে। তখন এটির বয়স ছিল ১০ বছরের বেশি। তোশিবা কোম্পানির সিটি স্ক্যান মেশিনটি হাসপাতালটিতে আনা হয়। মাঝেমধ্যে বিকল হলেও প্রতিদিন গড়ে ১৫টি পরীক্ষা করা হতো বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালের পাশাপাশি বাইরের রোগীরাও ওখানে গিয়ে পরীক্ষা করাতে পারতেন। কিন্তু গত চার বছর হাসপাতালের রোগীরাই এই সেবা থেকে বঞ্চিত।
জানতে চাইলে চমেক রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সুবাস মজুমদার বলেন, পুরোনো মেশিনটি আর মেরামত করা যাবে না। নতুন মেশিনের জন্য বলা হয়েছে। কিন্তু এখনো পাওয়া যায়নি।
সিটি স্ক্যান মেশিনের অভাবে গরিব রোগীদের বাইরের রোগ নির্ণয়কেন্দ্রে দৌড়াতে হচ্ছে উল্লেখ করে সুবাস মজুমদার বলেন, দিনে গড়ে ১৫টি সিটি স্ক্যান করা হতো। খরচও বাইরের চেয়ে কম। এখন তা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, চমেক হাসপাতালে সিটি স্ক্যানে পরীক্ষার ধরন বিশেষে সর্বনিম্ন ২ থেকে ৪ হাজার টাকা নেওয়া হয়। একই ধরনের পরীক্ষা বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে ৪ হাজার টাকা থেকে পরীক্ষার ধরন অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। অন্যদিকে এমআরআই পরীক্ষার জন্য ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। একই ধরনের পরীক্ষা বাইরে করাতে লাগে সর্বনিম্ন সাড়ে ৭ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউরোমেডিসিন, নিউরোসার্জারি এবং নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) রোগীদের সিটি স্ক্যান এবং এমআরআই দরকার হয়।
গত ১১ ডিসেম্বর হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়া নারায়ণ চৌধুরীর ১০ দিনে দুবার সিটি স্ক্যান দরকার হয়। কিন্তু লাইফ সাপোর্টে থাকা অবস্থায় নারায়ণ চৌধুরীকে বাইরের রোগ নির্ণয়কেন্দ্রে নিয়ে যেতে অনেক ঝক্কি পোহাতে হয়।
নারায়ণ চৌধুরীর স্বজন উত্তম চৌধুরী জানান, অক্সিজেন নল লাগিয়ে এবং বুকে হাওয়া দিয়ে বিশেষ পদ্ধতিতে অ্যাম্বুলেন্সে করে তাঁকে (নারায়ণ) দুবার বাইরের রোগ নির্ণয়কেন্দ্রে নেওয়া হয়। একজন চিকিৎসককেও সঙ্গে নিতে হয়েছে। হাসপাতালে সিটি স্ক্যান থাকলে এ ঝামেলা পোহাতে হতো না।
নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুল ইসলাম খান বলেন, নিউরোসার্জারির রোগীদের সিটি স্ক্যান বেশি দরকার হয়। কিন্তু হাসপাতালের মেশিনটি এখন নষ্ট। তাই রোগীদের বাইরে পাঠাতে হয়।
হাসপাতালে মেশিন থাকলে ২৪ ঘণ্টা সেবা পাওয়া সম্ভব হয়। কিন্তু বাইরের রোগ নির্ণয়কেন্দ্রগুলো রাত ১১টার পর বন্ধ হয়ে যায়। সে ক্ষেত্রে জরুরি সিটি স্ক্যান পরীক্ষার ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়তে হয় বলে চিকিৎসকেরা জানান।
সিটি স্ক্যানের মতো এমআরআই মেশিনটিও বিকল ছিল কিছুদিন আগে। তিন-চার মাস আগে নতুন একটি এমআরআই মেশিন চমেক হাসপাতালে দেওয়া হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, ‘এমআরআই মেশিন পাওয়া গেছে। একটি সিটি স্ক্যান মেশিনও দেওয়া হবে বলে আমাদের ঢাকা থেকে জানানো হয়েছে। আশা করছি চলতি অর্থবছরেই ওই মেশিন কেনা হবে।’