চার বছর ধরে ভবন পড়ে আছে, কার্যক্রম শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রায় চার বছর আগে ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণ করা হয়। গণপূর্ত বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে রশি টানাটানির কারণে আজও ভবনটি হস্তান্তর করা সম্ভব না হওয়ায় স্টেশনটির কার্যক্রম শুরু হয়নি। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে উদ্ধারকাজ ব্যাহত হবে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে। পিরোজপুর গণপূর্ত কার্যালয় সূত্রে জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে স্বরূপকাঠি পৌরসভার স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের পাশে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জেলা গণপূর্ত বিভাগ ভবনটি নির্মাণের জন্য ৩৩ শতক জমি অধিগ্রহণ করে। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর ৮৮ লাখ টাকা ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। কাউখালীর অর্পি অ্যান্ড অর্পিতা এন্টারপ্রাইজ কাজটি পায়। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণকাজ শেষ হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগ ভবনটি বুঝে নেওয়ার জন্য ফায়ার সার্ভিসের পিরোজপুর কার্যালয়কে বারবার তাগাদা দিয়েছে বলে দাবি করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে লোকবলের সংকটের অজুহাত দেখিয়ে বেশ কয়েক বছর ভবনটি বুঝে নেওয়া হয়নি। এখন ফায়ার সার্ভিস কাজ বাকি আছে বলে দাবি করে ভবনটি বুঝে নিচ্ছে না। এ কারণে স্টেশনটি দীর্ঘদিনেও চালু করা সম্ভব হয়নি। সরেজমিনে দেখা গেছে, সড়কের পাশে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। এখানে এখন অগ্নিনির্বাপণের কোনো সরঞ্জাম ও গাড়ি আনা হয়নি। কোনো কর্মকর্তা-কর্মচারীও নেই। গণপূর্ত বিভাগের জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক সময়ে ভবন নির্মাণের কাজ সম্পন্ন করেছে। পিরোজপুর ফায়ার সার্ভিসকে ভবনটি বুঝে নেওয়ার জন্য একাধিকবার তাগাদাপত্র দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা ভবনটি বুঝে নিচ্ছে না। তারা আমাদের জানিয়েছে তাদের লোকবলের সংকট আছে।’ফায়ার সার্ভিস পিরোজপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, ‘লোকবল সংকট আগে ছিল, এখন নেই। কিন্তু ভবন এলাকায় মাটি ভরাট, বিদ্যু ৎ সংযোগ ও নালা নির্মাণের কাজ এখনো বাকি। গণপূর্ত বিভাগ এ কাজগুলো করে দেওয়ার পরপরই এটি বুঝে নেব এবং আমাদের কার্যক্রম শুরু করব।’ মিয়ারহাট বন্দরের ব্যবসায়ী ফারুক হোসেন জানান, গত ছয় বছরে উপজেলায় ৩০টি অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।স্বরূপকাঠি পৌরসভার মেয়র দেলোয়ার হোসেন ফারুক জানান, স্বরূপকাঠি একটি বাণিজ্যিক বন্দর। এখনে প্রতিবছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবন নির্মাণের পরও এটি চালু না হওয়া দুঃখজনক।