চার বছর ধরে সড়ক বেহাল
পিচঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গভীর গর্ত। কোনো যানবাহন গর্তে পড়লে তা স্থানীয় লোকজনের সাহায্য ছাড়া তোলা যায় না। চার বছর ধরে এমন অবস্থা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র সড়কের। তবে সড়কের তদারকি প্রতিষ্ঠান সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমের পরপরই এটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।
সম্প্রতি এক বিকেলে সরেজমিনে দেখা গেছে, সড়কের কলেজ রোড, কানিশাইল, নালিউড়ি, রাজাপুর, পূর্বভাগ, মাইজভাগ, শেখপাড়া, মোকামবাজার, দিঘিরপাড় ও দক্ষিণভাগ এলাকার অংশ খুবই বেহাল। এসব স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দ থাকায় যানবাহন চলছে ধীরগতিতে। এ অবস্থায় দেখা দিচ্ছে তীব্র যানজট। স্থানীয় লোকজনের অভিযোগ, এমন বেহাল অবস্থায় সড়কটি থাকলেও তা পুনর্নির্মাণে কোনো উদ্যোগ নেই।
মোকামবাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাছনাত বলেন, ‘আমি অসুস্থ মানুষ। রাস্তাটা খারাপ হওয়ায় ঝাঁকুনির ভয়ে খুব একটা জরুরি কাজ ছাড়া জেলা শহর সিলেটে যাই না।’
এলাকাবাসী জানান, ১৪ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে উপজেলার ৩০টি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে থাকেন। এসব বাসিন্দাকে এ সড়ক দিয়েই জেলা শহরে যেতে হয়। তাই সড়কে প্রতিদিন অন্তত এক হাজার সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, বাস ও ট্রাক চলাচল করে থাকে। সাত-আট বছর আগে সর্বশেষ সড়কটি নির্মিত হয়েছিল। বছর তিনেক পর সড়কটি ভাঙাচোরা অবস্থায় রূপ পেলে কয়েক দফা সংস্কার করা হলেও তা পুনর্নির্মাণে উদ্যোগ নেওয়া হয়নি।
গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুল আম্বিয়া (৫৫) বলেন, উপজেলাটি টিলা-অধ্যুষিত হওয়ায় সড়কটির নানা স্থানে একাধিক বাঁক ও উঁচু-নিচু রয়েছে। তাই স্থানে স্থানে সড়কটিতে খানাখন্দ থাকায় প্রতিনিয়ত ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির অর্ধেকের বেশি স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এ অবস্থায় সড়কটি পুনর্নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টির মৌসুম শেষ হলেই নির্মাণকাজ শুরু হবে। শুরুর দিকে সড়কের প্রথম ছয় কিলোমিটার নির্মিত হবে এবং বাকি আট কিলোমিটার অংশ নির্মাণের ব্যাপারে মন্ত্রণালয়ে আরও একটি প্রকল্প পাঠানো হয়েছে। এটির অনুমোদন হলেও দ্বিতীয় ধাপে বাকি অংশের কাজ শেষ করা হবে।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, সড়কটির নির্মাণকাজ শুরু করার আগ পর্যন্ত এলাকাবাসীর চলাচলের পথ সুগম রাখতে জরুরি সংস্কার অব্যাহত থাকবে। এ জরুরি সংস্কারের অংশ হিসেবে সড়কে প্রচুর পরিমাণে ইট ফেলা হবে। কয়েক মাস আগেও সড়কে জরুরি সংস্কারকাজ করা হয়েছিল বলে তিনি দাবি করেছেন।