চার বছর পর অপারেটর নিয়োগের দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টার্মিনাল নির্মাণের প্রায় চার বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের দরপত্র আহ্বান করা হয়েছে। এই দরপত্রে অংশ নেওয়ার জন্য প্রাকেযাগ্য ছয়টি প্রতিষ্ঠানের কাছে বন্দর থেকে গত রোববার থেকে চিঠি পাঠানো শুরু হয়েছে। এই ছয়টি প্রতিষ্ঠান হলো আন্তর্জাতিক অপারেটর এপিএম টার্মিনালস, হাচিনসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল কনটেইনার সার্ভিসেস, দ্য পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্ট স্টিম নেভিগেশন কোম্পানি, পিএসএ ইউরোপ এবং দেশীয় সাইফ পাওয়ারটেক লিমিটেড। বন্দর সূত্রে জানা যায়, ৫ মার্চ এই টার্মিনালে অপারেটর নিয়োগের দরপত্র দলিল অনুমোদন করে নৌপরিবহন মন্ত্রণালয়। এরপর গত সপ্তাহে বন্দরের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে। দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ডিসেম্বরে ৪৬৮ কোটি টাকা ব্যয়ে পাঁচটি জেটিসহ বন্দরের সবচেয়ে অত্যাধুনিক এই টার্মিনাল নির্মাণ শেষ হয়। এখন আরও ১১৪ কোটি টাকা ব্যয়ে টার্মিনালের পেছনের অংশে ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। চার বছর আগে শেষ হওয়া টার্মিনালের প্রথম দরপত্র আহ্বান হয় ২০০৯ সালের ২৩ জুলাই। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্তে তা বাতিল করা হয়। এরপর দফায় দফায় শর্ত শিথিল করে আরও দুটি প্রতিষ্ঠানকে প্রাকেযাগ্য নির্বাচন করা হয়। এরপর মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) এই প্রকল্পের মূল দরপত্র দলিলে অনেক গুরুত্বপূর্ণ শর্ত বাদ দেওয়া হয়। দরপত্রের শর্তানুযায়ী, টার্মিনাল অপারেটর এই টার্মিনালে যন্ত্রপাতি স্থাপন বাবদ সম্ভাব্য ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে ২০ বছর মেয়াদে টার্মিনাল পরিচালনা করবে। কনটেইনার ওঠানামার মাশুলও আদায় করবে তারা। এ জন্য বন্দরকে প্রতিবছর নির্দিষ্ট রয়্যালিটি দিতে হবে। এ ছাড়া কনটেইনার-প্রতি কত টাকা বন্দরকে দেওয়া হবে, তা ঠিক হবে দরপত্রের মাধ্যমে।