চার বছর বন্ধ থাকার পর জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর-আথানগিরি সড়কে আবারও বাস চলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার শমশেরগঞ্জ বাজারে বাস চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। এলাকাবাসী জানান, ২০০৭ সাল পর্যন্ত উপজেলার ভূনবীর ইউনিয়ন এবং মির্জাপুর ইউনিয়নের আথানগিরি পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়কে সরাসরি বাস চলাচলের ব্যবস্থা ছিল। কিন্তু ২০০৮ সালের শুরুর দিকে বাসমালিকদের সঙ্গে অটোরিকশা ও টেম্পোর শ্রমিকদের বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে বাসমালিকেরা ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেন।মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া বলেন, বাস চলাচল পুনরায় চালু হওয়ায় দুই ইউনিয়নের মানুষ কম ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবে। বাস মালিক সমিতির সভাপতি মোজাক্কির হোসেন বলেন, আপাতত এই রুটে আটটি বাস চলবে। ভবিষ্যতে প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।