চার বছর পর ইউএইর শ্রমবাজার চালুর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর ধরে বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শ্রমবাজার আবার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শ্রমবাজার। দেশটির শ্রম মন্ত্রণালয়ের আট সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে। সফরের পরপরই বাজার চালুর আশা করছে সরকার।
সূত্র বলেছে, সম্প্রতি শ্রীলঙ্কায় অভিবাসী কর্মী গ্রহণ ও কর্মী পাঠানো দেশগুলোর সম্মেলন হয়েছে। ওই সম্মেলনে ইউএইর বাজার আবার চালুর জন্য দেশটির শ্রমমন্ত্রীকে আহ্বান জানান প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম। এরই ধারাবাহিকতায় দেশটির শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর আবদুর রহমান আল নায়েমির নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল গত শনিবার রাতে ঢাকায় এসেছে।
প্রতিনিধিদলটি গতকাল রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। সেখান থেকে প্রতিনিধিদলটি কাকরাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) যায়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বৈদেশিক কর্মসংস্থানের নানা বিষয় তুলে ধরা হয়। বিকেলে দলটি মিরপুরের দুটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ঘুরে দেখে।
প্রতিনিধিদলটি আজ সোমবার আশুলিয়ায় আরেকটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র দেখবে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গতকালের বৈঠকেই বন্ধ বাজার চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা পুরো সফরটিকে খুব ইতিবাচকভাবে দেখছি। আশা করছি বন্ধ এই বাজার আবার চালু হবে।’
২০১২ সালের অক্টোবরে হঠাৎ করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় ইউএই। একপর্যায়ে গত বছরের নভেম্বরে বন্ধ হয়ে যায় ব্যবসায়ী ও পর্যটক ভিসাও।