চার বছর পর কর্ণফুলী নদী খননের কাজ আবার শুরু হচ্ছে। নগরের সদরঘাট থেকে শাহ আমানত সেতুর উজান পর্যন্ত নদীর তীরের দিকে সোয়া তিন কিলোমিটার এলাকা খনন করা হবে। খননকাজ শেষ হলে চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ থেকে পণ্য খালাসের একটি জেটি চালু করা যাবে। জেটির সামনে নদীতে পলি জমে থাকায় জাহাজ ভেড়ানো যায়নি।
এ ছাড়া নদী খননের কাজ শেষ হলে নগরের আটটি খালের মুখের অংশে (কর্ণফুলীর সঙ্গে সংযোগস্থল) গভীরতা বাড়বে। এতে খালগুলো দিয়ে নগর থেকে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রায় ২৫৮ কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে খননকাজের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চার বছরের এই প্রকল্প এক মাসের মধ্যে শুরু হতে পারে। কাজ শুরু হওয়ার এক বছরের মধ্যে ওই এলাকা থেকে ৪২ লাখ ৮০ হাজার ঘনমিটার পলি মাটি অপসারণ করা হবে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল গতকাল প্রথম আলোকে বলেন, এই মাসের মধ্যে নৌবাহিনীর সঙ্গে চুক্তি হবে। চুক্তি হওয়ার কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে লাইটার জাহাজের জেটি চালু করতে চান তাঁরা।
বন্দর সূত্র জানায়, ২০১১ সালে বন্দরের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন ওই এলাকায় খননকাজ শুরু করেছিল। ২০১৩ সালের আগস্টে ঠিকাদারি প্রতিষ্ঠান খননকাজ বন্ধ করে দেয়। কাজ বন্ধ হয়ে যাওয়ার এক বছরের মধ্যে পলি জমে ভরাট হয়ে যায় প্রকল্প এলাকা। এ কারণে প্রকল্পের আওতায় ৪০০ মিটার জেটি নির্মাণ হলেও সেখানে এখন পর্যন্ত জাহাজ ভেড়ানো যাচ্ছে না।
২০১৪ সালে বন্দর কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলে আদালতের আশ্রয় নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নতুন প্রকল্পের মাধ্যমে খননকাজের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। বন্দরের তথ্য অনুযায়ী, প্রকল্পের কাজ বন্ধ হওয়ার আগে ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৬ লাখ ঘনমিটারের মধ্যে ১৫ লাখ ঘনমিটার বালু মাটি অপসারণ করে। এ ছাড়া তীর রক্ষা বাঁধ এবং ৪০০ মিটার জেটি নির্মাণ করে।
গতকাল সোমবার প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, জেটির সামনে মাটির স্তূপ জমে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ফেলে যাওয়া খননযন্ত্র ও ক্রেন পড়ে আছে। জেটি থেকে কর্ণফুলী নদী দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন। প্রকল্প এলাকায় তীররক্ষা বাঁধের সামনে নদীতীরেও মাটির স্তূপ দেখা যায়। নদীর তীর থেকে অনেক দূরে মাছ ধরার নৌকাগুলো রাখা হয়েছে। ভাটার সময় তীরের কাছাকাছিও ভিড়তে পারে না এসব নৌযান।
বন্দর পর্ষদের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, অপসারণ করা পলি মাটি প্রকল্প এলাকা থেকে প্রায় আট কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হবে।