প্রায় চার বছর পর চট্টগ্রামের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে যাত্রীদের জন্য নতুন সেবা কার্যক্রম চালু হচ্ছে। এই নৌপথে যাত্রী পারাপারের জন্য নতুন একটি সি-ট্রাক বরাদ্দ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। শিগগিরই এই সি-ট্রাকে যাত্রী পারাপার শুরু হবে।
চার বছর এই নৌপথে পণ্যবাহী ট্রলারে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করা হয়। এ নিয়ে কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে। এরপর যাত্রীদের দাবির মুখে গত শুক্রবার চাঁদপুর থেকে এসটি আবদুর রব সেরনিয়াবাত নামের একটি সি-ট্রাক এই নৌপথে চলাচলের জন্য বরাদ্দ দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ২০০৭ সাল থেকে এই নৌপথে জাহাজ ও সি-ট্রাকসেবা অনিয়মিত হয়ে পড়ে। একপর্যায়ে ২০০৯ সালে এই কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিগগিরই এই নৌপথে নতুন সেবা কার্যক্রম চালু হবে। জানা গেছে, প্রায় ২০০ জন যাত্রী ধারণক্ষমতার সি-ট্রাক দিয়ে প্রাথমিকভাবে কুমিরা ও গুপ্তছড়া ঘাটে দিনে একবার করে যাত্রী আনা-নেওয়া করা যাবে।