চার বছর পর ছাত্রদলের মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবির ব্যানার নিয়ে ক্যাম্পাসে প্রকাশ্যে নামলেও এর পেছনে শক্তি হিসেবে সিটি নির্বাচনের জয়ের প্রভাব কাজ করছে বলে দলের একটি সূত্র থেকে জানা গেছে। গতকাল দুপুরে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি এবং বিশ্ববিদ্যালয় ‘প্রশাসনের দুর্নীতি’র প্রতিবাদ জানায়। ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল কোনো মিছিল ও সমাবেশ করেনি।

প্রায় চার বছর পর গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় ও হলে ছাত্রদলের নেতা-কর্মীদের সহাবস্থানের দাবিতে এবং ভারপ্রাপ্ত উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের পাশের তপোবন আবাসিক এলাকা থেকে মিছিল নিয়ে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকেন ছাত্রদল নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেন। পরে উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বক্তারা শাবির উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের অনেক উর্ধ্বতন কমকর্তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করেন।

মৃত্যুঞ্জয় বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেন, দলীয়করণসহ বিভিন্ন পর্যায়ে সীমাহীন দুর্নীতি হচ্ছে। আমরা ভারপ্রাপ্ত উপাচার্য, প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তাদের এসব দুর্নীতির নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি হলে ছাত্রদলসহ ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান দাবি করছি।’