চার বছর পর জুটল 'খানাপিনাসহ ছুটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসিক বেতন, সঙ্গে খাবার খাওয়া। এ দুটো একসঙ্গে ‘খানাপিনা’ নামে পরিচিত। কোনো ছুটি ভোগ করলে খানাপিনা জুটত না। মে দিবস এলে তাই ‘খানাপিনাসহ ছুটি’ ঘোষণার দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করতেন। মে দিবসের মিছিলে ‘দুনিয়ার মজদুর এক হও...’ স্লোগানের সঙ্গে ‘খানাপিনাসহ ছুটি চাই...’ স্লোগানও শোনা যেত। এভাবে চার বছর প্রতি মে দিবসে কর্মবিরতি পালন করে পাঁচ বছরের মাথায় এবার জুটল খানাপিনাসহ ছুটি।
আজ শুক্রবার ১ মে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস। সিলেট নগরের নিবন্ধিত ৩৮০ রেস্তোরাঁয় কর্মরত শ্রমিক-কর্মচারীরা এবারই প্রথম মে দিবসে খানাপিনাসহ ছুটি ভোগ করবেন। সিলেটের রেস্টুরেন্ট মালিক সমিতি, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ও সিলেট আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে গত বুধবার রাতে ত্রিপক্ষীয় এক বৈঠকের মাধ্যমে খানাপিনাসহ ছুটির ঘোষণা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হয়।
বৈঠকের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে দিবসে মালিকপক্ষ থেকে শ্রমিকদের পূর্ণ বেতনে ছুটি প্রদান করা হয়েছে। শ্রমিকেরা মে দিবসের অনুষ্ঠানে যোগদান করলে মালিক পক্ষ কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন বা বাধা প্রদান করবে না। মালিকপক্ষ থেকে এ ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত লিখিতভাবে রেস্তোরাঁগুলোতে বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে রেস্টুরেন্ট মালিক সমিতি ও শ্রম দপ্তরে যোগাযোগ করে খানাপিনাসহ মে দিবসের ছুটির ঘোষণা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে হোটেল মালিকপক্ষ এবারই প্রথম মে দিবসের ছুটি দেওয়া নিয়ে দ্বিমত প্রকাশ করে। তাদের দাবি, ঘোষণা দিয়ে ছুটি না দেওয়া হলেও দিবস উদ্যাপনে শ্রমিকেরা অংশ নেওয়ায় ছুটি হিসেবে পালন করা হতো।
খানাপিনাসহ ছুটি কার্যকরে বড় ভূমিকা রেখেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। এ সংগঠন সূত্রে জানা গেছে, সিলেটে সহস্রাধিক রেস্তোরাঁর মধ্যে নিবন্ধিত ৩৮০টি। সবগুলোই নগরে অবস্থিত। এসব রেস্তোরাঁয় কর্মরত শ্রমিকেরা মে দিবসে কোনো ছুটি পেতেন না। কোনো শ্রমিক মে দিবসে অনুপস্থিত থাকলে তাঁর খানাপিনা কর্তন করার রেওয়াজ ছিল। ২০১০ সালের মে দিবস উদ্যাপন করতে গিয়ে এ বিষয়টি প্রথম উদ্ঘাটন করে হোটেল শ্রমিক ইউনিয়ন। পরের বছর থেকে মে দিবসে খানাপিনাসহ ছুটির দাবিতে কর্মবিরতি পালনের মাধ্যমে নীরব আন্দোলন শুরু করা হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, এই কর্মবিরতি পালন নিয়েও রেস্তোরাঁর অভ্যন্তরে শ্রমিক-কর্মচারীদের নির্যাতন সইতে হয়েছে। কোনো কোনো রেস্তোরাঁয় নির্যাতনের কারণে শ্রমিকেরা বাধ্য হয়ে কর্মবিরতি বন্ধ করে কাজে যোগ দিয়েছেন। আবার কোনো কোনো রেস্তোরাঁ থেকে আন্দোলন আরও দানা বেঁধেছে। এভাবে অব্যাহতভাবে চার বছর টানা কর্মবিরতি পালন শেষে এবারই মালিকপক্ষ শ্রমিক সংগঠনের সঙ্গে সমঝোতা বৈঠকে বসে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।