চার বছর পর প্রবাসীর লাশ ফেরত আনার আবেদন

বাহরাইনে মৃত্যুর প্রায় চার বছর পর এক বাংলাদেশির লাশ ফিরিয়ে আনার আবেদন করেছে তাঁর পরিবার। তবে রফিকুল ইসলাম (৪০) নামে ওই ব্যক্তির লাশ দাফন হয়ে গেছে বলে জানিয়েছে বাহরাইনের বাংলাদেশের দূতাবাস। কিন্তু কোথায় দাফন করা হয়েছে, তা কেউ জানে না।
রফিকুলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ব্রাহ্মণীছোঁয়া গ্রামে। তাঁর ছেলে শাহাদাত হোসেন ১২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লাশ ফেরত আনার জন্য আবেদন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনপত্র জেলা প্রশাসক ইসমাইল হোসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়েছেন ইউএনও।
আবেদনপত্রের ভাষ্য অনুযায়ী, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি রফিকুল হৃদ্রোগে আক্রান্ত হন। তখন তাঁর তিনজন সহকর্মী তাঁকে সালমানিয়া হাসপাতালে ভর্তি করেন। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। এরপর লাশ আনার জন্য পরিবারের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হয়। কিন্তু সে সময় দূতাবাস থেকে এক হাজার ১০০ দিনার দাবি করা হয়। কাগজপত্র ঠিক না থাকায় ও দূতাবাসের চাহিদামতো টাকা দিতে না পারায় লাশ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
শাহাদাৎ হোসেন বলেন, হাসপাতালে ভর্তির সময় তাঁর বাবার ভিসা ও সিপিআর ছিল না। তাঁর বাবার এক সহকর্মী শাহ আলমের সিপিআর দিয়ে তাঁকে ভর্তি করা হয়। মারা যাওয়ার পর হাসপাতাল থেকে কোম্পানিতে যোগাযোগ করা হলে শাহ আলম দেশে চলে গেছেন বলে জানানো হয়।
বাহরাইনের বাংলাদেশের রাষ্ট্রদূত মমিনুর রহমান সম্প্রতি সংবাদ সম্মেলনে বলেন, রফিকুল বাহরাইনে অবৈধ হওয়ায় হাসপাতালে শাহ্ আলম নামে ভর্তি হয়েছিল। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ শাহ্ আলম নামে মৃত্যুসনদ ইস্যু করে। হাসপাতাল কর্তৃপক্ষ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তদন্তে বেরিয়ে আসে মৃত ব্যক্তি শাহ্ আলম নন, রফিকুল ইসলাম।
রফিকুলের স্ত্রী নিলুফা বেগম অভিযোগ করেন, ‘আমার অনুমতি ছাড়া লাশ দাফন কীভাবে হবে? আমি বা আমার সন্তানেরা লাশ দাফনের জন্য কাউকে অনুমতি দিইনি।’
মমিনুর রহমান বলেন, ২০১১ সালে রফিকুলের পরিবার ফ্যাক্সবার্তায় লাশ নিতে অক্ষম বলে জানিয়ে দেয়। তখন স্থানীয়ভাবে বাহরাইনে দাফন করার অনুমতি পাঠানো হয়। তবে কবে, কোথায় দাফন করা হয়েছে এ বিষয়ে নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। এ ছাড়া দূতাবাসের টাকা চাওয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি।
এ ঘটনা নিয়ে প্রথম আলোর উপসাগরীয় সংস্করণে দুটি সংবাদ প্রকাশিত হয়। পরে দেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলও এ নিয়ে সংবাদ প্রকাশ করে।