
সাতসকালেই বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে খাঁচাটি। শূন্য খাঁচার চারপাশে ভিড় করেছে দর্শনার্থীরা। অপেক্ষা, কখন বাঘ আসবে। সকাল পৌনে ১০টার দিকে একটি ট্রাক ঢুকল চট্টগ্রাম চিড়িয়াখানায়। ট্রাকের মধ্যে দুটি বিশাল বাক্স। চারদিকে শোরগোল পড়ে গেল। দুটি বাক্সের ভেতরেই রয়েছে বাঘ আর বাঘিনী।
দর্শনার্থীদের অপেক্ষার পালা ফুরোল সোয়া দুই ঘণ্টা পর। গতকাল শুক্রবার দুপুর ১২টায় বাক্স থেকে বের করা হলো ডোরাকাটা বাঘ দুটিকে। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বাঘ দুটিকে খাঁচায় উন্মুক্ত করেন। এর মধ্য দিয়ে চার বছর পর প্রাণ ফিরে পেল শূন্য খাঁচা। দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গল টাইগার প্রজাতির দুটি বাঘ আসায় চট্টগ্রাম চিড়িয়াখানাও যেন পূর্ণতা পেল। বাঘ ছাড়া আবার চিড়িয়াখানা হয় নাকি!
২০১২ সালের ৩০ অক্টোবর বাঘিনী ‘পূর্ণিমা’ মারা যাওয়ার পর থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘশূন্য ছিল। এর আগে ২০০৬ সালে বাঘিনীর সঙ্গী ‘চন্দ্র’ মারা যায়। ২০০৩ সালে চন্দ্র ও পূর্ণিমাকে আনা হয়েছিল ঢাকা চিড়িয়াখানা থেকে। এখন তাদের শূন্যস্থান পূরণ করল দক্ষিণ আফ্রিকার দুটি বাঘ।
দেশের বিভিন্ন সাফারি পার্ক ও ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে বাঘ চেয়েও পায়নি চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরে দরপত্রের মাধ্যমে বাঘ সংগ্রহে উদ্যোগী হয় কর্তৃপক্ষ। ফ্যালকন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে বাঘ দুটি।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, দক্ষিণ আফ্রিকায় বাণিজ্যিকভাবে বাঘ প্রজনন ও প্রতিপালনের অনুমতি রয়েছে। তাই ওই দেশ থেকে বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ দুটি আনা হয়েছে। এতে চিড়িয়াখানার সৌন্দর্য বাড়ল। চিড়িয়াখানার ভেতরে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি হনুমান ও চিতাবাঘ আনার চিন্তাভাবনাও চলছে বলে জানান তিনি।
চিড়িয়াখানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাঘ দুটি বিমানযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে ট্রাকে করে বাঘ দুটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।
বাঘ উন্মুক্ত করার পর দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীরা খাঁচাটি ঘিরে রাখেন। অনেকে খাঁচার বাইরে দাঁড়িয়ে বাঘের সঙ্গে সেলফি তোলেন। দুটি বাঘকে রাখা হয়েছে একটি খাঁচায়। খাঁচায় ঢোকানোর পর বাঘকে খেতে দেওয়া হয় জীবন্ত দুটি মুরগি।
বাঘ দেখতে আসা চতুর্থ শ্রেণির ছাত্র অভিরূপ দাশ বলে, ‘চিড়িয়াখানায় আগেও এসেছি, কখনো বাঘ দেখিনি। এবার খুব ভালো লাগল।’
নতুন আনা বাঘ দুটির কোনো নাম এখনো দেওয়া হয়নি। বাঘের বয়স ১১ মাস আর বাঘিনীর বয়স ৯ মাস বলে জানান চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার মো. রুহুল আমীন। তিনি বলেন, নতুন পরিবেশের কারণে বাঘ দুটি কিছুটা আতঙ্কিত। ১৫ দিন বাঘ দুটিকে পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে।
চার বছর পর বাঘ দুটি প্রাপ্তবয়স্ক হবে বলে জানান চিড়িয়াখানার কিউরেটর মো. মনজুর মোরশেদ চৌধুরী। তিনি বলেন, তখন তাদের প্রজননক্ষমতা হবে। বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ ১৫ থেকে ১৬ বছর বাঁচে।