চার বছর পর বিচার শুরু, এক বছরেও সাক্ষী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনহাজ উদ্দিন
মিনহাজ উদ্দিন

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব দৃষ্টি প্রতিবন্ধী খলিলুর রহমানকে হত্যার চার বছর পর বিচার শুরু হয়। কিন্তু সেই বিচার শুরুর বছর পেরিয়ে গেলেও কোনো সাক্ষীকে আদালতে হাজির করা হয়নি। এই মামলার মূল আসামি ওই সংস্থারই বর্তমান সভাপতি মিনহাজ উদ্দিন ও মহাসচিব আয়ুব আলী হাওলাদার। তাঁরাও দৃষ্টি প্রতিবন্ধী।
২০১১ সালের ১লা জানুয়ারি খলিলুরকে রাজধানীর মিরপুরের একটি বাসায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনা হওয়া মামলায় মিনহাজ (৪৭) ও আয়ুবকে (৪৩) প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত বছরের ১০ মে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেন।
গতকাল বুধবার ছিল ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন। কিন্তু বুধবারও কোনো সাক্ষী আদালতে আসেননি। সাক্ষী হাজির করার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই এই মামলার সব সাক্ষীকে পর্যায়ক্রমে আদালতে হাজির করা হবে।’
বুধবার খলিলুর হত্যা মামলার কোনো সাক্ষী হাজির না হলেও আদালতে হাজির হন অন্যতম আসামি অন্ধ সংস্থার মহাসচিব আয়ুব। আর সভাপতি মিনহাজ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। কেবল এই হত্যা মামলাই নয়, মিনহাজ ও আয়ুব ওই সংস্থারই সাংগঠনিক সচিব দৃষ্টি প্রতিবন্ধী ইদ্রিসুর রহমান হত্যা মামলার প্রধান আসামি।
ইদ্রিসুরকে ২০১১ সালের ৩ জুলাই চকবাজারে অন্ধ সংস্থার কার্যালয়ে জবাই করে হত্যা করা হয়। ২০১৪ সালের ১ ডিসেম্বর ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মিনহাজ ও আয়ুবসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু করেন। এই মামলাটি বর্তমানে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন। এখন পর্যন্ত এই মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকি সাক্ষীদের বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেছেন।
আদালত চত্বরে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে কথা হয় মিনহাজ ও আয়ুবের সঙ্গে। মিনহাজ ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের (সিজিএম)এজলাসের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই আদালতে অর্থ আত্মসাতের একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরেক দৃষ্টি প্রতিবন্ধী জাহাঙ্গীর হোসেন। মিনহাজ বলছিলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জাতীয় অন্ধ সংস্থার একটি বিরোধী পক্ষ আমাকে মামলায় ফাঁসিয়েছে।’ তাঁর এই বক্তব্যকে সমর্থনও করলেন জাহাঙ্গীরও। পরে মিনহাজ বলেন, ‘আমার নামে ডাকাতির মামলাও দিয়েছে। আমি মিথ্যা মামলার শিকার।’ 

মিনহাজের সঙ্গে কথা বলার সময়ই সেখানে হাজির হন আরেকজন একজন দৃষ্টি প্রতিবন্ধী। এই প্রতিবেদকের কাছে পরিচয় দেন, তিনি আয়ুব আলী। অন্ধ সংস্থার মহাসচিব। পরিচয় দেওয়ার পর পর তিনি অভিযোগ করলেন, ‘মিনহাজ অর্থ আত্মসাৎ করেছেন। তাঁর নামে খুনের মামলা আছে।’ আয়ুবের এ কথা শুনে মিনহাজ পাল্টা অভিযোগে বললেন, ‘খলিলের বিরুদ্ধেও খুনের মামলা আছে। আছে অর্থ আত্মসাতের মামলাও।’
খোঁজ নিয়ে জানা গেল গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা খলিলুর ২০১০ সালে জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব হন। ওই নির্বাচনে পরাজিত হয় মিনহাজ-আয়ুব প্যানেল। এরপর মিরপুরের একটি বাসায় ২০১১ সালের ১লা জানুয়ারি খলিলুরকে গুলি করে হত্যা করা হয়।

আয়ুব আলী হাওলাদার
আয়ুব আলী হাওলাদার


নথিপত্র পর্যালোচনা করে দেখা গেল, খলিলুর রহমান ও ইদ্রিসুর রহমান হত্যায় গ্রেপ্তার পাঁচজন আসামি খুনের দায় স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতে মিনহাজ ও আয়ুবের নাম এসেছে।
আদালত চত্বরেই নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, জাতীয় অন্ধ সংস্থার ক্ষমতা পাওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে খলিলুরকে খুন করা হয়েছে। আর জাতীয় অন্ধ সংস্থার একটা জমি বিক্রির টাকাকে কেন্দ্র করে ইদ্রিসুর খুন হন।
খুনের মামলা দুটির বিচার শুরুর আগে মিনহাজ-আয়ুব নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আদালতের কাছে তাঁরা যুক্তি দেখান, ‘তাঁরা জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। তাঁরা পৃথিবীর আলো থেকে বঞ্চিত। তাঁরা অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। যেহেতু তাঁরা চোখে দেখতে পান না, তাই তাঁদের দ্বারা কাউকে গুলি করে হত্যা করা সম্ভব নয়।’ তবে আদালত তাঁদের আবেদন খারিজ করে বিচার শুরু করেন।
আদালতে করা আবেদনে মিনহাজ ও আয়ুব নিজেদের জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী বলে উল্লেখ করলেও দুজনই প্রথম আলোকে বলেন, চার বছর বয়সে জলবসন্তে আক্রান্ত হওয়ার পর তাঁরা দৃষ্টিশক্তি হারান।
আয়ুব প্রথম আলোকে বলেন, খলিলুর ও ইদ্রিসুর হত্যা মামলার বিচার চলছে। অভিযোগ প্রমাণিত হলে আদালত সাজা দেবেন। না হলে খালাস দেবেন। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
আর মিনহাজ প্রথম আলোকে বলেন, ‘এসব মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি নির্দোষ।’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেছেন মিনহাজ। আর আয়ুব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। দুজনই বিবাহিত। মিনহাজের গ্রামের বাড়ি পিরোজপুর। আয়ুবের বরিশালে।
জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মাদ নুরুল কবীর প্রথম আলোকে বলেন, ‘জাতীয় অন্ধ সংস্থার সভাপতি মিনহাজ ও মহাসচিব আয়ুব আলীর বিরুদ্ধে দুটি খুনের মামলায় বিচার ঢাকার আদালতে শুরু হয়েছে তা আমি জানি না। তবে আমি এই ব্যাপারে খোঁজখবর নেব। এ ব্যাপারে আমাদের যা যা করণীয় আছে তা করা হবে।’