চার বছর পর হিমাদ্রীর মায়ের 'স্বস্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাদ্রী হত্যা মামলা
হিমাদ্রী হত্যা মামলা

হিমাদ্রীর বয়স যখন মাত্র সাত মাস, তখন তাঁদের বাসায় একবার ডাকাতদল হানা দিয়েছিল। সেদিন ডাকাতেরা তাঁর দিকেই বন্দুক তাক করেছিল। ছেলেকে বাঁচাতে টাকা, সোনার গয়না সবই ডাকাতদের দিয়েছিলেন মা গোপা মজুমদার। বড় হওয়ার পর সেই ছেলেকে আর বাঁচাতে পারেননি তিনি। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় চার বছর আগে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে নৃশংসভাবে খুন করা হয় হিমাদ্রীকে।
ছেলের মৃত্যুর পর মামলা না লড়তে গোপা মজুমদারের ওপর চাপ ছিল। কিন্তু আপস করেননি তিনি। মামলার প্রতিটি ধার্যদিনে আদালতে হাজির হতেন হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার। ছেলের গিটার, ছবি নিয়েই দিন কেটেছে তাঁদের। শেষ পর্যন্ত ‘স্বস্তি’র একটি দিন এসেছে তাঁদের। হিমাদ্রী মজুমদারকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামি হলেন শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন, মাহাবুব আলী, শাহ সেলিমের ছেলে জুনায়েদ রিয়াদ ও তাঁর বন্ধু জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে কারাগারে আছেন শাহ সেলিম, শাহাদাত ও মাহাবুব। পলাতক আছেন জুনায়েদ ও জাহিদুল।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর তাঁর ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান পাঁচলাইশের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী। এ ঘটনায় তাঁর মামা অসিত কুমার দে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল এই রায় দেন।
গত ২৮ জুলাই এবং ১১ আগস্ট দুবার এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল। দুবার রায় ঘোষণার তারিখ পেছানোর পর শঙ্কিত হয়ে পড়েন হিমাদ্রীর মা গোপা মজুমদার। গতকাল বিকেলে রায় ঘোষণার পর চট্টগ্রাম নগরের হেমসেন লেন এলাকার নিজ বাসায় তিনি প্রথম আলোকে বলেন, ‘চারটা বছর শঙ্কিত ছিলাম। কখন কী হয়। রায়ের তারিখ পেছানোর পর শঙ্কাটা আরও বেড়ে যায়। ২৮ জুলাই থেকে একটি রাতও ঘুমাতে পারিনি। পায়চারি করে রাত পার করেছি। সকাল হলে সন্ধ্যার অপেক্ষায় থাকতাম। এভাবে রায়ের প্রতীক্ষায় ছিলাম প্রভাবশালীদের কাছে হেরে যাব কি না? সেদিন ছেলেকে বাঁচাতে পারিনি। খুনিদের যদি বিচার না হয়, তাহলে ছেলেকে কী জবাব দেব।’

এই ঘরেই থাকতেন হিমাদ্রী, গিটারটিও তাঁর। ছেলের গিটার হাতে মা গোপা মজুমদার। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
এই ঘরেই থাকতেন হিমাদ্রী, গিটারটিও তাঁর। ছেলের গিটার হাতে মা গোপা মজুমদার। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

হেমসেন লেন এলাকার গ্রিনল্যান্ড ব্যাংক কলোনির বাসায় চার বছর আগে হিমাদ্রীর ঘরটি যেভাবে ছিল, এখনো সেভাবেই রয়েছে। পড়ার টেবিলে বই, ওয়ার্ডরোবের ওপর গিটার ও সাজানো-গোছানো বিছানা সবই আগের মতো থাকলেও নেই কেবল হিমাদ্রী। রায় ঘোষণার পর হিমাদ্রীর গিটার হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে বসে ছিলেন মা গোপা মজুমদার। একটু স্বাভাবিক হওয়ার পর জানালেন, হিমাদ্রী মারা যাওয়ার পর থেকে যখনই তাঁর কথা মনে পড়ত, এই ঘরে এসে বসে থাকতেন তিনি।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও হিমাদ্রীর মামা অসিত কুমার দে বলেন, উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে। পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী রায় ঘোষণার পর বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত পাঁচজনকেই ফাঁসি দিয়েছেন। তিনি বলেন, হিমাদ্রীর সঙ্গে আসামি শাহাদাত হোসেনের মাদক নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে শাহ সেলিমের নির্দেশে আসামিরা তাঁকে হত্যা করেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে শাহ সেলিমসহ তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার বলেন, ‘ছেলের হত্যাকারীদের ফাঁসির আদেশ হওয়ায় খুশি। তারা নানাভাবে চাপ দিয়েছিল মামলায় আপস করতে। কিন্তু আপস করিনি। এখনো নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি।’
হিমাদ্রী মাদকবিরোধী সংগঠন শিকড়ের সদস্য ছিলেন। রায় ঘোষণার পর সংগঠনের সাধারণ সম্পাদক জাউয়েদ আলী চৌধুরী বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হিমাদ্রীকে খুন করা হলেও খুনিরা পার পাননি। এ রায়ের ফলে তরুণেরা মাদকসহ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আরও সোচ্চার হবেন।