চার বছর পর 'দৃষ্টিনন্দন' সড়কবাতির কাজ শুরু
বগুড়ার শেরপুর পৌরসভায় চার বছর আগে নষ্ট হওয়া দৃষ্টিনন্দন সড়কবাতি মেরামত শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। নতুন ‘মেরামত প্রকল্পে’ ব্যয় হবে প্রায় ১০ লাখ টাকা। এ প্রকল্পের কাজ নতুনভাবে গত শুক্রবার থেকে শুরু হয়েছে।
পৌরসভার প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ২০১১-১২ অর্থবছরে ‘দৃষ্টিনন্দন সড়কবাতি প্রকল্প’ হাতে নেওয়া হয়। পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের বিভাজকের ওপর দিয়ে সড়কবাতি লাগানো ওই সময় শহর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতাভুক্ত ছিল। ৩৫টি সড়কবাতি লাগাতে ব্যয় হয়েছিল প্রায় ১৫ লাখ টাকা। পরে সেগুলো নষ্ট হয়ে যায়। চার বছর পর বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন প্রকল্পের মাধ্যমে পুনরায় সেগুলোর মেরামতকাজ শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের মধ্যে উত্তরে আহলে হাদিস মসজিদের সামনে থেকে শহরের দক্ষিণে ধুনট রোড পর্যন্ত মহাসড়কের মাঝখানে বিভাজকের মধ্যে সড়কবাতি লাগানোর কাজ চলছে।
শহরের বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী গোফ্ফার হোসেন অভিযোগ করেন, এর আগে লাগানো বাতিগুলো মাত্র তিন মাস জ্বলেছে।
পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, আগে ওই সব সড়কবাতির বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল মাটির নিচ দিয়ে। কিন্তু স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীরা বিভিন্ন দিবস ও উৎসবের প্রচারের জন্য বিভাজকের মধ্যে মাটি খুঁড়ে ব্যানার ও প্যানাফ্লেক্স স্থাপন করেন। এ জন্য বৈদ্যুতিক সংযোগগুলো ছিঁড়ে যায়। নতুন প্রকল্পে বৈদ্যুতিক সংযোগ খুঁটির ওপর দিয়ে নেওয়া হয়েছে।