চট্টগ্রাম নগরের উন্নয়নে গত চার বছরে ৯০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে ও কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। এসব উন্নয়ন প্রকল্পের ব্যাপারে জনগণকে জানাতে ওয়ার্ডে ওয়ার্ডে অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগর ভবনে খুলনা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে ‘শহর থেকে শহরে অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক অনুষ্ঠানে সিটি মেয়র এ তথ্য জানান। নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, একই করপোরেশনের প্যানেল মেয়র-১ মো. আনিসুর রহমান বিশ্বাস ও প্যানেল মেয়র-২ রুমা খাতুন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেন, প্যানেল মেয়র-২ জোবাইরা নার্গিস খান, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা প্রমুখ।