জয়পুরহাটের কালাই উপজেলায় পীরের আস্তানায় পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় চার বছরে একজন সাক্ষীও সাক্ষ্য দেননি। দফায় দফায় সমন জারি করলেও সাক্ষীরা আদালতে আসছেন না।
২০০৩ সালে ২০ জানুয়ারি গভীর রাতে বেগুনগ্রামে পীরের আস্তানায় ওই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্র দাখিলের পর ২০১২ সালের ৬ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমানের অভিযোগ, এত দিনেও রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী আনতে পারেনি। এ কারণে অভিযোগ গঠনের পর আর বিচারকাজ এগোয়নি।
এ বিষয়ে সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বলেন, মামলাটিতে ৭১ জনকে সাক্ষী করা হয়েছে। তদন্তে দীর্ঘসূত্রতা এবং অভিযোগ গঠনের পর আদালতে বিভিন্ন সময়ে বিচারক না থাকায় সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। মামলার বাদী সাক্ষ্য দিতে এলেও বার্ধক্যজনিত রোগে অসুস্থ থাকায় তিনি আদালতে জবানবন্দি দিতে পারেননি। ১৩ জুন সাক্ষ্যদানের পরবর্তী দিন ধার্য রয়েছে। আশা করা যায় মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
খাদেম ও বাবুর্চিসহ পাঁচজনকে হত্যার ওই ঘটনায় বেগুনগ্রাম পীরের আস্তানায়ে চিশ্তিয়ার সভাপতি আবদুল আজিজ খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২১ জানুয়ারি কালাই থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দিনাজপুর ক্যাম্পের পরিদর্শক জালাল উদ্দীন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য, আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছিলেন। এ ছাড়া গ্রেপ্তার করা ২৪ জনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার আসামি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আলী গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, ওই হত্যা মামলায় তিনিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও বিএনপির রাজনীতিতে যুক্ত নয়জনকেও আসামি করা হয়েছে। তাঁরা সবাই জামিনে রয়েছেন। তবে তাঁরা শুনানির দিন আদালতে হাজির হন ঠিকই, কিন্তু সাক্ষ্য দিতে আসেন না।
এ মামলার আসামি শফিউল্লা অন্য মামলায় কারাগারে রয়েছেন। এ ছাড়া ১৭ জন আসামি জামিনে আছেন। তিনজন আসামি পলাতক। তাঁরা হলেন তরিকুল ইসলাম ওরফে তারিক, রমজান আলী ও এমদাদ হোসেন। তদন্তকারী কর্মকর্তা জালাল উদ্দীন অভিযোগপত্রে উল্লেখ করেন, মামলার আসামি আবদুল আউয়াল, শায়েখ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের অভিযোগ প্রাথমিক তদন্তে পাওয়া গেলেও যেহেতু তাঁদের অন্য মামলায় ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাই তাঁদের বিচারে সোপর্দ করা গেল না।