চট্টগ্রামে দুই বিচারকের এজলাসে জঙ্গিদের বোমা হামলার ১০ বছর আজ
চার বছরে কোনো সাক্ষী হাজির হননি
চার বছরের বেশি সময় ধরে সাক্ষীরা হাজির না হওয়ায় চট্টগ্রামে দুই বিচারকের এজলাসে জঙ্গিদের বোমা হামলার দুই মামলার বিচারপ্রক্রিয়া আটকে রয়েছে। সরকারি কৌঁসুলি বলছেন, সাক্ষীদের হাজির করতে না পারার ব্যর্থতা পুলিশের। এ জন্য দুটি মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না।
২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতের তৎকালীন দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। বইয়ের ভেতরে বোমা লুকিয়ে তা বাইরে থেকে প্রায় একই সময়ে ভিন্ন দুটি কক্ষে দুজন বিচারকের এজলাসে ছুড়ে মারা হয়। এতে একজন বিচারকের টেবিলের কাচ ভেঙে যায়। তবে বোমা বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা হয়। জঙ্গি সংগঠন জেএমবিকে পরে সরকার নিষিদ্ধ ঘোষণা করে।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম আদালতের তৎকালীন দ্বিতীয় যুগ্ম জেলা জজের এজলাসে বোমা হামলার মামলায় সর্বশেষ ২০১১ সালের ২৭ জুন সাক্ষ্য গ্রহণ করা হয়। অন্য মামলাটিতে সর্বশেষ সাক্ষ্য গ্রহণ করা হয় ২০১০ সালের ১৬ মার্চ। ওই দুটি তারিখের পর আর কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি পুলিশ। এই সময়ের মধ্যে দুটি মামলায় মোট ৭২ বার (একটি মামলায় ৩৬টি করে) তারিখ পড়ে। সাক্ষীদের হাজির করতে গত বছরের আগস্ট মাসে আদালত চট্টগ্রাম পুলিশ কমিশনারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন।
সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর দুটি মামলায় সাক্ষীকে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু ওই দিনও কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি পুলিশ। ২৮ অক্টোবর দুটি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরের আদালতে এখন মামলা দুটির বিচার চলছে।
জানতে চাইলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, সাড়ে চার বছর ধরে আলোচিত দুই মামলার একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ। সাক্ষীদের হাজির করতে পুলিশকে চিঠি দেওয়াসহ একাধিকবার বলা হলেও কিছুই হচ্ছে না।
তবে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, সাক্ষীদের ঠিকানায় তাঁদের পাওয়া যাচ্ছে না। পুলিশ সাক্ষীদের মধ্যে অনেকে অবসরে গেছেন। সংশ্লিষ্ট থানার ওসিদের কঠোরভাবে বলা হয়েছে আগামী ধার্য দিনে সাক্ষীদের হাজির করতে।
দুই মামলার আসামি জেএমবির সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ও শাহাদাত হোসেন। এঁদের মধ্যে বোমা মিজান গত বছরের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যান। তাঁকে এখনো ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ত্রিশালে প্রিজন ভ্যান থেকে পালানো বোমা মিজান এ মামলার আসামি হওয়ার কারণে ফের হামলার শঙ্কায় থাকেন আইনজীবীরা। তাই মামলাটি দ্রুত নিষ্পত্তি করা উচিত।
আদালত সূত্র জানায়, বিচারকের এজলাসে বোমা হামলার দুটি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০০৮ সালের ২৭ জানুয়ারি। দুই মামলায় সাক্ষী রয়েছেন ৬২ জন। এর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বাকি ২৪ সাক্ষীর মধ্যে রয়েছেন পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিন, কনস্টেবল আবু হানিফ, আবদুল জব্বার, চট্টগ্রাম আদালতের আইনজীবী মানিক দত্ত ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি।
জানতে চাইলে আইনজীবী মানিক দত্ত প্রথম আলোকে বলেন, আগামী ধার্য দিনে তিনি হাজির হবেন। তিনি বলেন, ওই দিন বিচারক আকরাম হোসেনের আদালতে তিনি ছিলেন। ছুড়ে মারা বোমাটি তাঁর মাথার ওপর দিয়ে বিচারকের টেবিলের ওপর পড়ে। পরে পুলিশ ও আইনজীবীরা ধাওয়া দিয়ে জেএমবি জঙ্গি শাহাদাত হোসেনকে ধরে ফেলেন। তিনি বলেন, সেদিন বোমাটি বিস্ফোরিত হলে এজলাসে থাকা কেউ বাঁচত না।