চার বছরে খরচ ৩০৩ কোটি টাকা, কমেনি জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার জলাবদ্ধতা কমাতে গত চার বছরে খরচ করা হয়েছে ৩০৩ কোটি টাকা৷ কিন্তু এবার বর্ষাকাল শুরুর আগেই মাঝারি ও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে অনেক এলাকা। ফলে বর্ষায় ভারী বর্ষণে জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে ওই সব এলাকার মানুষ৷
ঢাকা ওয়াসার দায়িত্বশীল সূত্র জানায়, জলাবদ্ধতা কমাতে গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত খরচ করা হয়েছে ৭০ কোটি টাকা। এর মধ্যে নর্দমা লাইন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণে ওয়াসার বার্ষিক বরাদ্দ ২০ কোটি টাকা এবং ‘ঢাকা মহানগরের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প-২’-এর আওতায় ৫০ কোটি টাকা রয়েছে৷ এর আগে ওয়াসার নিয়মিত খরচ হিসেবে ২০১০-১১ অর্থবছরে ১৫ কোটি, ২০১১-১২ অর্থবছরে ১৮ কোটি এবং ২০১২-১৩ অর্থবছরে খরচ হয় ২০ কোটি টাকা৷ নর্দমা লাইন ও বক্স কালভার্ট পরিষ্কারসহ বিভিন্ন কাজে এসব টাকা খরচ করা হয়৷
এ ছাড়া জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পে ২০১০ সালে সরকার ওয়াসাকে বরাদ্দ দিয়েছিল ১৮০ কোটি টাকা৷ এই টাকা ২০১৩ সালের জুন পর্যন্ত খরচ করা হয়৷ প্রকল্পের কর্মকর্তাদের সূত্র জানায়, এই প্রকল্পে এ পর্যন্ত ১৩৮ কিলোমিটার পাইপলাইন স্থাপন, কিছু কালভার্ট সংস্কার ও খাল পুনঃখননে বরাদ্দ করা টাকা খরচ হয়৷ এর মধ্যে ২০১১ সালে কয়েকটি স্থানে ১৭ কিলোমিটার পাইপলাইন বসানো হয়৷
এই প্রকল্পের পরিচালক ও ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে সা চিং জানান, ২০১৩-১৪ অর্থবছরে এই প্রকল্পে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর ও কাঁটাসুর খালে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ এবং রূপনগরের আরামবাগে ও কমলাপুরে পাইপলাইন বসানো হয়৷
কিন্তু এত টাকা খরচের পরও ভারী ও মাঝারি বৃষ্টি হলেই অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে৷ চলতি বছরের ২ জুন ঢাকায় সবচেয়ে বেশি ৫২ মিলিমিটার বৃষ্টি হয়৷ ওই বৃষ্টিতে রামপুরা, বাসাবো, গোড়ান, মতিঝিল, পল্টন, হাজারীবাগ, তল্লাবাগ, শুক্রাবাদ, গুলশান, বারিধারা, বাড্ডা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, বকশীবাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় কোথাও হাঁটুসমান আবার কোথাও এক ফুট বা এর কিছু কম পানি জমে৷ এর আগে ২৪ মে ৩৪ মিলিমিটার এবং ২৫ মে ২০ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধ হয়ে পড়েছিল কোনো কোনো এলাকা৷
মালিবাগের বাসিন্দা আবদুল জব্বার বলেন, ২ জুন সকালের বৃষ্টিতে দুপুর ১২টায়ও মালিবাগ প্রধান সড়ক ও অলিগলিতে দুই থেকে আড়াই ফুট পানি জমে ছিল। নর্দমা পরিষ্কার হলে এমন হওয়ার কথা নয়। তল্লাবাগের বাসিন্দা সানজিদা বেগম বলেন, ওই দিন তাঁদের নিচতলার ঘরে হাঁটুপানি ছিল। তাঁরা দুজনই আসন্ন বর্ষায় আরও বেশি জলাবদ্ধতার শঙ্কা জানালেন৷ একই রকম শঙ্কা জানালেন পুরান ঢাকার কয়েকজন বাসিন্দাও৷
বৃষ্টি হচ্ছে কম: আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কয়েক বছর ধরে ঢাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হচ্ছে। যেমন মে মাসে ঢাকায় স্বাভাবিক ২৯৭ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও হয়েছে ১৭৪ মিলিমিটার, অর্থাৎ ৪১ শতাংশ কম। গত দুই বছর ভরা বর্ষায় জুলাইয়েও বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে কম৷
ওয়াসার কয়েকজন কর্মকর্তা বলেন, এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হলে জলাবদ্ধতার ভোগান্তি যে বাড়বে, তা ২ জুনের অবস্থা দেখেই অনুমান করা যায়৷ জলাবদ্ধতা কমাতে গত চার বছরে যেসব কাজ হয়েছে, তা যে খুব ভূিমকা রাখছে না, ২ জুনই তার প্রমাণ৷
অবশ্য ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকি মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা হলে দ্রুত পানি সরানোর ব্যবস্থা রাখা হয়েছে৷
কাজ কতটুকু হয়েছে: ওয়াসার ড্রেনেজ বিভাগ সূত্র জানায়, রাজধানীতে ৩১৫ কিলোমিটার নর্দমা লাইন আছে৷ তিন দফায় পাওয়া ২০ কোটি টাকা দিয়ে চলতি বছর এসব নর্দমা লাইন পরিষ্কার করা হয়েছে।
তবে শান্তিনগর, মালিবাগ, রাজারবাগ, গোপীবাগ, তল্লাবাগ, ধানমন্ডিসহ কয়েকটি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তাঁদের এলাকায় নর্দমা লাইন পরিষ্কারের কাজ কবে হয়েছে, তা তাঁরা জানেন না৷ এই অভিযোগ অস্বীকার করেছেন ড্রেনেজ বিভাগের কর্মকর্তারা৷
ড্রেনেজ বিভাগ জানায়, নিয়মিত কাজের অংশ হিসেবে সেগুনবাগিচা, পান্থপথ, কল্যাণপুর অঞ্চলে ১০ কিলোমিটার বক্স কালভার্ট আবর্জনামুক্ত করা হয়েছে৷ গতকাল শুক্রবার আরামবাগ, ফকিরেরপুল, পুরানা পল্টন, সেগুনবাগিচা বক্স কালভার্ট এলাকা ঘুরে দেখা যায়, আরামবাগে বাফুফে ভবনের কাছে কালভার্টের ঢাকনা খোলা, পাশে আবর্জনার স্তূপ। ওই এলাকার দোকানি গফুর মিয়া বলেন, সারা বছর তেমন কাজ দেখা যায় না, বর্ষা এলেই কালভার্টের ভেতরের আবর্জনা ওঠানো হয়। রাখা হয় রাস্তায়৷ বৃষ্টি এলে আবর্জনা আবার কালভার্টের ভেতরে গিয়ে পড়ে।
ফকিরেরপুল বাজারের কাছে এবং পুরানা পল্টনে নোয়াখালী হোটেলের অদূরে কালভার্টের ঢাকনা ওঠানো এবং রাস্তায় ময়লার স্তূপ দেখা গেছে।
জানতে চাইলে ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, বক্স কালভার্টের আবর্জনা নিয়মিতই পরিষ্কার করা হয়। আবর্জনার পানি ছাকার জন্য রাস্তায় রাখতে হয়। ঠিকাদারদের বলা আছে পানি শুকালে আবর্জনা সরিয়ে নিতে।
ওয়াসার ড্রেনেজ বিভাগের তথ্য অনুযায়ী, সেগুনবাগিচা বক্স কালভার্টের গভীরতা ১২ ফুট৷ পলিথিনসহ বিভিন্ন আবর্জনা জমে শক্ত হয়ে যাওয়ায় এর মধ্যে প্রায় আট ফুটই বন্ধ৷ বাকি চার ফুট অংশ দিয়ে পানি চলাচল করছে। জমে থাকা শক্ত আবর্জনা কাটতে মাইক্রো ড্রেজিং মেশিন সেপ্টেম্বরে ব্যবহার করা হবে।
সেপ্টেম্বরে কেন, জানতে চাইলে ড্রেনেজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, মেশিনটি এখন ব্যবহার হচ্ছে কল্যাণপুর কালভার্টে।