চার বছরে গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করেনি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মহাজোট সরকারের চার বছরে গণমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি; বরং গণমাধ্যমের পরিধি বাড়ানোর জন্য আইন করা হয়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত সংগঠনের সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সরওয়ার ও বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাব-এডিটরদের কল্যাণে ‘কল্যাণ তহবিল’ গঠন এবং আবাসন প্রকল্প বাস্তবায়নে সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন।ডিএসইসির সভাপতি মো. আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ডিএসইসির কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ নবীন, সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ ও শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসইসির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।ওয়েজ বোর্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ওয়েজ বোর্ড ঘোষণা হলেও অনেক সংবাদপত্রের মালিক এখনো তা বাস্তবায়ন করছেন না। এ ব্যাপারে আপনাদের আন্দোলন গড়ে তুলতে হবে।’সরকার সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল গঠনের প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। সাব-এডিটরদের আবাসন সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন তিনি। পরে বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও বৃত্তির চেক হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি।