
চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত অক্সিজেন-হাটহাজারী চার লেন সড়কের সম্প্রসারণ প্রকল্পের কাজ গত চার বছরে শেষ হয়েছে ২২ শতাংশ। এরই মধ্যে গত বছরের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ ফুরিয়ে গেছে। সড়কের যেটুকু অংশ সম্প্রসারণ করা হয়েছে, সেখানেও বসানো হয়েছে বাজার, সেই সঙ্গে গাড়ি পার্কিংয়ের কারণে এটুকু কাজের সুফলও পাচ্ছে না সাধারণ মানুষ। নিত্যদিনের যানজটে আটকে আছে তারা।
এ পরিস্থিতিতে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে আরও এক বছর। এর আগে আরও দুই দফা মেয়াদ বাড়ানো হয়। তবে মেয়াদ বাড়ানো হলেও কাজ কতটুকু হবে, তা নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে, তেমনি বর্ধিত সময়ের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। প্রকল্পের অধীন ১২ দশমিক ৫ কিলোমিটার সড়কটির দুপাশে ২৪ ফুট করে ৪৮ ফুট প্রশস্ত করার কথা রয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০১০ সালের জানুয়ারিতে এ প্রকল্পের কাজ শুরু করে। চট্টগ্রাম নগরের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলা এবং দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ধরা হয় গুরুত্বপূর্ণ এই সড়কটিকে। এই সড়ক দিয়ে প্রতিদিন কম-বেশি ১৮ হাজার গাড়ি চলাচল করে।
সওজ সূত্র জানায়, আনোয়ার পপুলার ও মেসার্স এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। সড়কের ৮ দশমিক ৮ কিলোমিটার সম্প্রসারণের কার্যাদেশ দেওয়া হয় এম বিল্ডার্সকে। কাজের অগ্রগতি হতাশাজনক এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় গত বছরের ১৯ ডিসেম্বর নোটিশ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। অন্যদিকে, আনোয়ার পপুলারকে ৩ দশমিক ৭ কিলোমিটার সড়কের কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু দুই দফা সময় বাড়ানোর পরও কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এ জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে কার্যাদেশ চুক্তি বাতিল এবং একে আর্থিক জরিমানা করা হয়।
সওজের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘তহবিলের সংকট ও বৈদ্যুতিক খুঁটি অপসারণে পিডিবির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। এখন পর্যন্ত ২২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ জন্য প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।’
সওজের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বলেন, ‘কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় আনোয়ার পপুলারের সঙ্গে চুক্তি বাতিল ও এক কোটি ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখানে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। আর কাজের অগ্রগতি হতাশাজনক হওয়ায় এম বিল্ডার্সকে নোটিশ দেওয়া হয়েছে।’
এদিকে প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন এম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক হারুন-অর-রশীদ। তবে এর জন্য তিনি সরবরাহকারীদের দায়ী করেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে।’
সওজ সূত্রে জানা গেছে, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২৯ কোটি ৫১ লাখ ৮৭ হাজার টাকা। অথচ গত চারটি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৩৬ কোটি টাকা। এই বরাদ্দেরও পাঁচ কোটি টাকা এখনো ছাড় দেওয়া হয়নি। সড়কের ওপর থাকা ৫৯৫টি বৈদ্যুতিক খুঁটি অপসারণে পিডিবিকে ১১ কোটি ১৬ লাখ টাকা দেওয়া হয়েছে। আর সড়কের নিচে থাকা বৈদ্যুতিক তার সরিয়ে ফেলতে বিটিসিএলকে দেওয়া হয়েছে আড়াই কোটি টাকা।
বৈদ্যুতিক খুঁটি অপসারণে সওজের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলমের করা অভিযোগ অস্বীকার করেছেন পিডিবির ষোলশহর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন। প্রথম আলোকে তিনি বলেন, ‘বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু সওজ অনেক স্থানে আমাদের জায়গা বুঝিয়ে দিতে পারছে না। তার পরও অনেক খুঁটি অপসারণ করা হয়েছে।’
সরেজমিন চিত্র: গতকাল সোমবার দুপুরে দেখা গেছে, বড় দীঘিপাড়, লালিয়ারহাট, আমানবাজার এলাকায় সম্প্রসারিত সড়কে বাজার বসেছে। কোথাও কোথাও ট্রাক ও বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ ছাড়া কুলগাঁও, বালুচরা, জারুয়া দীঘিপাড় এলাকায় সম্প্রসারিত সড়কে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তাদের আসবাবপত্র রেখেছে।
জারুয়া দীঘিপাড় এলাকার আসবাবপত্র ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা মাঝেমধ্যে রাস্তার ওপর আসবাবপত্র রাখি। তবে পুলিশ বললে সরিয়ে ফেলা হয়।’
বড় দীঘিপাড় এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্য খোরশেদ বলেন, ‘এমনিতেই সরু রাস্তা, তার ওপর রাস্তার দুই পাশ দখল করে বাজার বসানো হয়েছে। এলোপাতাড়ি রাখা হয় গাড়ি। বলার পরও তা সরানো হয় না। এ কারণে সকাল থেকে রাত পর্যন্ত এখানে যানজট লেগেই থাকে।’