চার বছরে দারিদ্র্যমুক্ত হবে দেশ: অর্থমন্ত্রী
আগামী চার বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে। ২০২১ সালের পর দেশে কোনোভাবেই অতি দারিদ্র্য বলে কিছু থাকবে না। বেশ জোর দিয়েই এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে দারিদ্র্যবিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ দাবি করেন। সরকারি প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থাটি ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাজ করে।
অর্থমন্ত্রী দাবি করেন, ‘এ কথা বলার পর কেউ আমারে পাগল বললেও বলতে পারেন। কিন্তু আমি বলছি, ২০১৮ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবেই হবে।’
অর্থমন্ত্রীর মতে, দারিদ্র্যসীমা ১৫ শতাংশের নিচে নেমে এলে সেটিকে দারিদ্র্যমুক্ত বলে দাবি করা যায়। তিনি বলেন, ‘বিশ্বের কোনো দেশই একেবারে দারিদ্র্যমুক্ত নয়। আমাদের হিসাবে ২০১৮ সালে বাংলাদেশে দরিদ্র্যের হার নেমে আসবে ১৪ শতাংশে। তখন এটিকে দারিদ্র্যমুক্ত বলা যাবে।’
অর্থমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বক্তব্য দেন বিশ্বব্যাংকের পরিচালনা উপদেষ্টা ক্রিস্টিন ই কাইমস, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন, এসডিএফের চেয়ারম্যান এম আই চৌধুরী প্রমুখ।