চার বছরে প্লট-ফ্ল্যাট পেয়েছেন ১৭৯ সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, সরকার গত চার বছরে ১৭৪ জন সাংসদকে প্লট এবং পাঁচজনকে ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে। একই সময়ে সারা দেশে প্লট পেয়েছেন ২৫৪ জন মুক্তিযোদ্ধা। রোববার জাতীয় সংসদে আলাদা দুটি প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

বিরোধী দলের সদস্য নূরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের আমলে রাজধানী, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ১৭৯ জন সংসদ সদস্য প্লট ও ফ্ল্যাট পেয়েছেন।

মোশাররফ বলেন, ওই পাঁচটি সংস্থার মাধ্যমে গত চার বছরে মোট ৫ হাজার ৫৯৯টি প্লট ও ৯ হাজার ৯২৮টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। যার মোট বিক্রয়মূল্য ৪ হাজার ৮২৩ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা।

নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে পূর্তমন্ত্রী বলেন, রাজধানী, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে গত চার বছরে মোট ২৫৪ জন মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।