চার বছরে বার্ড পরিচালনা পর্ষদের সভা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের চার বছরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালনা পর্ষদের কোনো সভা হয়নি। অথচ নিয়মানুযায়ী প্রতি বছর অন্তত দুটি সভা হওয়ার কথা। এ অবস্থায় বার্ডের নতুন প্রকল্প গ্রহণসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনার বিষয়টি স্থবির হয়ে আছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী পদাধিকার বলে পর্ষদের সভাপতি। এ সরকারের আমলে তিন সাংসদ ও একজন অর্থনীতিবিদ পর্ষদে অন্তর্ভুক্ত হলেও সভা না হওয়ায় তাঁরা ‘নামেই’ পর্ষদ সদস্য হিসেবে আছেন। বার্ডের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, পর্ষদের সভা না হওয়ায় গবেষক ও পর্ষদের সদস্যদের সম্মানী বৃদ্ধি, বাজেট বিভাজন পর্যালোচনা এবং গবেষণা, প্রশিক্ষণ ও নতুন প্রকল্প নেওয়ার বিষয়গুলো ঝুলে আছে। এ ছাড়া বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত বাসগৃহ ‘রাণীরকুঠি’র নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে যে টানাপড়েন রয়েছে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। মন্ত্রী সময় দিতে না পারার কারণে দীর্ঘদিন ধরে পর্ষদের সভা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।সূত্র জানায়, ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোটবাড়িতে বার্ডের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ২০০৮ সালের ৩০ নভেম্বরের পর্ষদের ৬৮তম সভার পর কয়েক দফা উদ্যোগ নিয়েও সভা করা যায়নি। ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকার দায়িত্ব নেয়। ২০১০ সালের ২ মার্চ চার ব্যক্তিকে পরিচালনা পর্ষদের সদস্য নিযুক্ত করা হয়। তাঁরা হলেন কুমিল্লা-১০ আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত। ২০১২ সালের ২৭ মে বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর সেমিনারে পর্ষদের সদস্য নাছিমুল আলম চৌধুরীসহ একাধিক কর্মকর্তা তাঁদের বক্তব্যে পরিচালনা পর্ষদের সভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সূত্র আরও জানায়, ২০১০ সালের ৬ এপ্রিল বার্ডের তৎকালীন মহাপরিচালক আতাউর রহমান পর্ষদের সভা ডাকার জন্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি দেন। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ৩ আগস্ট কুমিল্লায় বার্ডের কার্যালয়ে পর্ষদের সভা ডাকা হয়। কিন্তু হঠাৎ করেই অনিবার্য কারণবশত ওই সভা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ১১ আগস্ট পুনরায় ওই সভার তারিখ নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করে বার্ড কর্তৃপক্ষ। কিন্তু ওই চিঠির জবাব মেলেনি। সর্বশেষ ২০১২ সালের ৯ মে বার্ডের তৎকালীন ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম মন্ত্রণালয়ে এক চিঠিতে ১০ জুনের মধ্যে সভা করার কথা স্মরণ করিয়ে দেন। ওই চিঠিরও কোনো জবাব পাওয়া যায়নি। ২০১২ সালের ১৮ জুলাই বর্তমান মহাপরিচালক (ডিজি) মসিউর রহমান যোগদানের পর সভার উদ্যোগ নেননি। তবে তিনি বলেন, ‘সচিব মহোদয়কে পর্ষদের সভা করতে মৌখিকভাবে অনুরোধ করেছি। অতীতে কেন সভা হয়নি তা বলতে পারব না।’ প্রতিষ্ঠানটির নথিপত্র থেকে জানা গেছে, বার্ডের ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সহসভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ও সদস্য সচিব বার্ডের মহাপরিচালক।